পোর্ট-অ-প্রিন্স, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতির ধসে পড়া স্কুল ভবনের একটি কক্ষের ধ্বংসস্তুপের মধ্য থেকে শনিবার উদ্ধার কর্মীরা আরও অনেক লাশ উদ্ধার করেছে। এর ফলে শুক্রবারের ওই ঘটনায় নিহতের সংখ্যা ৯০ জন ছাড়িয়ে গেছে। এদের অধিকাংশই শিশু। কর্মকর্তারা একথা জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সেবা বিভাগের প্রধান আলতা জ্যঁ-ব্যাপ্টিস্ট জানান, শনিবার দুপুর পর্যন্ত ৮৪ জন নিহত এবং ১৫০ জন আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অরেক কর্মকর্তা মাইকেল জোসেফ জুনিয়র জানান, তিনি আরও ৮টি লাশ দেখেছেন। তার মতে নিহতের সংখ্যা ৯২ জনে দাড়িয়েছে।
জোসেফ জানান, যুক্তরাষ্ট্র এবং ফ্রেঞ্চ ক্যারিবিয়ান দ্বীপ মার্টিনিক থেকে উদ্ধার কাজে সহায়তা করার জন্য উদ্ধারকর্মী দল এসে পৌঁছেছে হাইতিতে। এছাড়াও জীবিতদের উদ্ধারের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, "এ স্বত্ত্বেও আমরা অনেককেই ধ্বংসস্তুপের ভেতর থেকে বের করতে পারিনি।"
কর্মকর্তারা জানান, পোর্ট-অ-প্রিন্সের অদুরের 'লা প্রোমেসি' স্কুলের ছাত্র সংখ্যা ৭শ'। তবে শুক্রবার ক্লাস চলাকালীন স্কুলটি যখন ধসে পড়ে তখন সেখানে কতজন উপস্থিত ছিল সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৪ ঘ.
"
bdnews24