ওয়াশিংটন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স/সিএনএন)- ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা বিপুল ব্যবধানে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে যুক্তরাষ্ট্রে ৪৪ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। ম্যাককেইন পরাজয় স্বীকার করে ওবামাকে অভিনন্দন জানিয়ে বলেছেন "আমরা একসঙ্গে কাজ করব।" ওবামা তাকে "বীর ও নিঃস্বার্থ নেতা" বলে প্রশংসা করেছেন।
জয়ের আনন্দে উদ্ভাসিত ওবামা প্রথম প্রতিক্রিয়ায় আমেরিকানদের প্রতি দেশের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যের চেতনায় অটুট থাকার আহ্বান জানিয়েছেন।
আগামী বছরের ২০ জানুয়ারি ওবামা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।
সর্বশেষ প্রাথমিক ফলাফল অনুযায়ী ইলিনয়ের সিনেটর, ৪৭ বছর বয়সী ওবামা হোয়াইট হাউজে প্রবেশের জন্য প্রয়োজনীয় ২৭০টির অনেক বেশি- ৩৪৯টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন পেয়েছেন ১৬৩টি ইলেক্ট্রোরাল ভোট।
ওবামার জয়ের খবর ছড়িয়ে পড়ায় শিকাগোর একটি পার্কে জড়ো হয় উল্লসিত সমর্থকরা। তাদের মুহূর্মুহু স্লোগানের মধ্যে ওবামা বলেন, "পরিবর্তন এসেছে আমেরিকায়। সব চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা ঐক্যের চেতনায় অটুট থাকুন।"
তিনি বলেন, "সামনে অনেক দীর্ঘ ও খাড়া পথ। এক বছরে বা এক মেয়াদে আমরা হয়তো সে পথ পাড়ি দিতে পারব না। কিন্তু আগের যে কোন সময়ে চেয়ে আজ রাতে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে বলছি- অবশ্যই আমরা গন্তব্যে পৌঁছাব।"
ওবামা পরাজিত প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনকে দীর্ঘ ও কষ্টকর প্রচারণা-লড়াই চালিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানান।
জনমত জরিপে শুরু থেকে পিছিয়ে থাকলেও প্রচারণা-যুদ্ধে শেষ মুহুর্ত পর্যন্ত অদম্য থাকা ম্যাককেইনও টেলিফোনে ওবামাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "আপনার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।" তিনি পরবর্তী প্রেসিডেন্ট ওবামার জন্য শুভ কামনা জানাতে তার সমর্থকদের প্রতিও আহ্বান জানিয়েছেন।
উত্তরসূরি ওবামাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হ্য়োাইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো জানান, ওবামাকে বুশ বলেছেন, "জীবনের এক দীর্ঘ অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন আপনি। আমার অভিনন্দন গ্রহণ করুন এবং উপভোগ করুন জয়ের আনন্দ।"
দুই প্রার্থীরই জয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা রাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়া ও ওহাইয়ো ওবামার দখলে চলে এলেই ডেমোক্র্যাটদের ২৭০ টি ইলেক্ট্রোরাল ভোটের হিসাব মিলে যায়। এরইমধ্যে খবর আসে ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং কলারাডোও হাতছাড়া হয়েছে রিপাবলিকানদের। ২০০৪ সালের নির্বাচনে এসব রাজ্যে জিতেছিল রিপাবলিকানরা। এভাবে নির্বাচনী মানচিত্রে লালের জায়গাগুলো (রিপাবলিকান দলের রং) ছেয়ে যায় ওবামার দলের নীল রঙে।
প্রাথমিক ফলাফলে ওবামা জিতেছেন ইলিনয়-২১ (ইলেকটোরাল ভোটের সংখ্যা), ওয়াশিংটন ডিসি-৩, পেনসিলভানিয়া-২১, মেরিল্যান্ড-১০, দেলাওয়ার-৩, কানেটিকাট-৭, ম্যাসাচুসেটস-১২, ভারমন্ট-৩, নিউ হ্যাম্পশায়ার-৪, মেইন-৪, নিউ জার্সি-১৫, নিউ ইয়র্ক-৩১, মিশিগান-১৭, উইসকনসিন-১০, মিনেসোটা-১০, রড আইল্যান্ড-৪, অরিগন-৭, নিউ মেক্সিকো-৫, আইওয়া-৭, হাওয়াই-৪, ফ্লোরিডা- ২৭, ক্যালিফোর্নিয়া-৫৫, কলারাডো-৯, ওহাইও-২০, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১১, নেভাদা-৫ ও ইন্ডিয়ানাতে-১১।
অন্যদিকে, ম্যাককেইন জিতেছেন ওকলাহামা-৭, টেনেসি-১১, কেন্টাকি-৮, সাউথ ক্যারেলাইনা-৮, জর্জিয়া-১৫, আলাবামা-৯, আরাকান'স-৬, কানসাস-৬, ওয়াইওমিং-৩, নর্থ ডাকোটা-৩, অ্যারিজোনা-১০,আইডাহো-৪,মিসিসিপি-৬, নেব্রাস্কা-৫, সাউথ ডাকোটা-৩, টেক্সাস-৩৪, ইউটাহ-৫, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, লুইজিয়ানা-৯, আলাস্কা-৩ ও মন্টানায়-৩ ।
নর্থ ক্যারোলাইনা ও মিজৌরি এই দুুটি রাজ্যের প্রাথমিক ফলাফল ঘোষণা এখনো বাকি রয়েছে।
এর আগে সিএনএন পরিচালিত ভোটকেন্দ্র ফেরত জরিপে জানা যায়, ৬৩ ভাগ ভোটার ওবামাকে ভোট দিয়েছে। অন্যদিকে, ম্যাককেইনকে ভোট দিয়েছে ৩৬ ভাগ ভোটার।
জরিপের ফল অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে ৭৩ ভাগ ওবামাকে ভোট দিয়েছে বলে জানিয়েছে। আর এই ভোটারদের মধ্যে ২৭ ভাগ সমর্থন দিয়েছে ম্যাককেইনকে।
এছাড়া এবারের নির্বাচনে অর্থনৈতিক বিষয় গুরুত্ব পেয়েছে ৬২ ভাগ ভোটারের কাছে। আর ইরাক যুদ্ধ এবং সন্ত্রাসবাদের ইস্যু গুরুত্ব পেয়েছে যথাক্রমে ১০ ও ৯ ভাগ ভোটারের কাছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান অজনপ্রিয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উত্তরসূরী নির্বাচনে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে ভোটাররা। ঐতিহাসিক এ নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচনে ১৯৬০ সালের পর এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোট শুরু হওয়ার আগেই ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় দুই কোটি ৯০ লাখ ভোটার আগাম ভোট দেয়।
ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার (৪৭) নিজ রাজ্য ইলিনয়ে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে শিকাগোর একটি কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সর্বশেষ প্রচারণা চালাতে তিনি ইন্ডিয়ানায় যান।
রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইন (৭২) ভোট দেন নিজ রাজ্য অ্যারিজোনার ফিনিক্সে। ভোট দেওয়ার পর সিবিএস নিউজকে তিনি বলেন, "ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা জোর লড়াই চালিয়ে যাব।"
ওবামার রানিংমেট দেলাওয়ারের সিনেটর জো বাইডেন এবং ম্যাককেইনের রানিংমেট আলাস্কার গভর্নর সারাহ পেলিন তাদের নিজ নিজ রাজ্যে ভোট দিয়েছেন।
ডেমোক্র্যাট দলে ওবামার সাবেক প্রতিদ্বন্দ্বী বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন নিউ ইয়র্কের চাপাকুয়ায় ভোট দেন। নিউ ইয়র্কের সিনেটর হিলারি ভোট দেওয়ার পর বলেন, "বিরাট ব্যবধানে জিততে চলেছেন বারাক ওবামা।"
দিনের প্রথম ভোট শুরু হয় নিউ হ্যাম্পশায়ারের দুটি ছোট শহরে। সোমবার রাত ১২টার পরপরই অর্থাৎ মঙ্গলবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া ওই ভোটের ফলাফলও জানিয়ে দেওয়া হয়। দুটিতেই জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা।
প্রথা অনুযায়ী, গত ৬০ বছর ধরে ডিক্সভিল নচ নামের শহরটিতে সারাদেশের মধ্যে প্রথম ভোটগ্রহণ শুরু হয়। এবার এখানে ভোটার সংখ্যা ছিল ২১ জন। সবাই ভোট দেন।
২১ জনের মধ্যে ওবামাকে ভোট দেন ১৫ জন এবং জন ম্যাককেইনকে ৬ জন। ২০০৪ সালে পুনর্র্নিবাচিত হওয়ার সময় এখানে জিতেছিলেন জর্জ ডব্লিউ বুশ। ১৯৬৮ সালের পর ছোট্ট এই শহরটিতে এবারই প্রথম জিতল ডেমোক্র্যাটরা।
নিউ হ্যাম্পশায়ারের আরও একটি ছোট শহর হার্টস লোকেশনেও ঐতিহ্য মেনে একই সময়ে ভোট নেওয়া হয়। এখানেও ওবামা প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনকে সাত ভোটে হারান। মোট ২৭ ভোটের মধ্যে ওবামা পান ১৭ এবং ম্যাককেইন ১০ ভোট।
নির্বাচন শুরু হওয়ার আগের দিন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে ছিলেন ওবামা। মঙ্গলবারের নির্বাচনে জিতলে ইতিহাস সৃষ্টি করে তিনি হবেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তবে জনমত জরিপ ভুল প্রমাণিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন- এমন জোরালো আশাবাদ প্রকাশ করেছেন ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এমএইচবি/১৪৪২ ঘ.
bdnews24