নিউ ইয়র্ক, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ব্যবধানে জিততে চলেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা। ইলিনয়ের সিনেটরের সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন একথা বলেছেন।
মঙ্গলবার নিউ ইয়র্কের চাপাকুয়ার একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী নিউ ইয়র্কের সিনেটর হিলারি বলেন, "ইলিনয়ের সিনেটর ওবামা ব্যবধানে জিততে চলেছেন বারাক ওবামা।"
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকে ঐতিহাসিক এ নির্বাচনের ভোট শুরু হয়েছে। বর্তমানে অজনপ্রিয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উত্তরসূরী নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালের পর এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। ১৩ কোটি ভোটারের মধ্যে শনিবার রাত পর্যন্ত প্রায় দুই কোটি ৯০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছে।
ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার নিজ রাজ্য ইলিনয়ে ভোট শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৬টায়। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে শিকাগোর একটি কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সর্বশেষ প্রচারণা চালাতে তিনি ইন্ডিয়ানার উদ্দেশ্যে রওনা হন।
ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইন ভোট দিয়েছেন নিজ রাজ্য অ্যারিজোনার ফিনিক্সে। ভোট দেওয়ার পর সিবিএস নিউজকে তিনি বলেন, "ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা জোর লড়াই চালিয়ে যাব।" এরপর তিনি কলরাডোয় নির্বাচনী প্রাচরণা চালান।
ওবামার রানিংমেট দেলাওয়ারের সিনেটর জো বাইডেন এবং ম্যাককেইনের রানিংমেট আলাস্কার গভর্নর সারাহ পেলিন তাদের নিজ নিজ রাজ্যে ভোট দিয়েছেন।
নিউ ইয়র্কের অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দেশের পূর্বাঞ্চলীয় অনেক রাজ্যে স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ভোটগ্রহণ শুরু হয়।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বেশি প্রচারণা ব্যয়ের এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও আনুপাতিক হারে বেশি হবে বলে আশা করা হচ্ছে।
দিনের প্রথম ভোট শুরু হয় নিউ হ্যাম্পশায়ারের দুটি ছোট শহরে। সোমবার রাত ১২টার পরপরই অর্থাৎ মঙ্গলবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া ওই ভোটের ফলাফলও জানিয়ে দেওয়া হয়েছে। দুটিতেই জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা।
প্রথা অনুযায়ী, গত ৬০ বছর ধরে ডিক্সভিল নচ নামের শহরটিতে সারাদেশের মধ্যে প্রথম ভোটগ্রহণ শুরু হয়। এবার এখানে ভোটার সংখ্যা ছিল ২১ জন। সবাই ভোট দিয়েছেন।
২১ জনের মধ্যে ওবামাকে ভোট দিয়েছেন ১৫ জন এবং জন ম্যাককেইনকে ৬ জন। ২০০৪ সালে পুনর্র্নিবাচিত হওয়ার সময় এখানে জিতেছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ১৯৬৮ সালের পর ছোট্ট এই শহরটিতে এবারই প্রথম জিতল ডেমোক্র্যাটরা।
নিউ হ্যাম্পশায়ারের আরও একটি ছোট শহর হার্টস লোকেশনেও ঐতিহ্য মেনে একই সময়ে ভোট নেওয়া হয়েছে। এখানেও ওবামা প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনকে সাত ভোটে হারিয়েছেন। মোট ২৭ ভোটের মধ্যে ওবামা পেয়েছেন ১৭ এবং ম্যাককেইন ১০ ভোট।
নির্বাচন শুরু হওয়ার আগের দিন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন ওবামা। জিতলে ইতিহাস সৃষ্টি করে তিনি হবেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তবে জনমত জরিপ ভুল প্রমাণিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন- এমন জোরালো আশাবাদ প্রকাশ করেছেন ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/এলকিউ/এজে/০১৫০ ঘ.
bdnews24