দার এস সালাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার ও বিদ্রোহিদের মধ্যকার যুদ্ধবিরতি আরও জোরদার করতে হবে। তবে সংকটের স্থায়ী সমাধানে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কঙ্গোয় ইউরোপীয় ইউনিয়নের দূত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড রোববার একথা বলেছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত থেকে হাজার হাজার বেসামরিক লোককে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার অংশ হিসেবে গত শনিবার কিনসাসা গেছেন কুচনা ও মিলিব্যান্ড। পূর্বের যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানিয়ে প্রতিশ্র"তি রক্ষার জন্য রোববার তারা কঙ্গো ও তার প্রতিবেশী রুয়ান্ডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কঙ্গো সংকট নিয়ে আঞ্চলিক কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আগামী সপ্তাহে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বৈঠকে বসছেন। ইউরোপের দুই মন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
কুচনা ও মিলিব্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেছেন, "গত বুধবার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা আরও জোরদার করা প্রয়োজন। এতে করে হয়ত সংকটের আপাতত সমাধান হবে। তবে স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।"
জেনারেল লর্যাঁ নকুদার অনুগত তুতসি বাহিনীর ওই অভিযানের কারণে পলায়নরত কঙ্গোর সেনাবাহিনীর সদস্যদের বেসামরিক লোকজনকে হত্যা লুটপাটের কারণে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রুয়ান্ডার সীমান্তবর্তী নর্থ কিভু প্রদেশে পালিয়ে যাচ্ছে।
আরও সহিংসতার আশঙ্কায় লোকজন আশ্রয়, পানি ও খাবারের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। সাহায্য সংস্থার কর্মীরা এই অবস্থাকে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছেন।
তুতসি গেরিলারা লড়াই করে গোমার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর তিনদিন আগে জেনালে নকুদা যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার বাহিনীর অগ্রাভিযানের কারণে কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি যে কোন সময়ে ভেঙে পড়তে পারে।
সংঘাতপূর্ণ অঞ্চল থেকে লোকজনকে আকাশপথে নিরাপদে নর্থ কিভু প্রদেশে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা নেবেন ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। এরপর তারা রুয়ান্ডায় গিয়ে প্রেসিডেন্ট পল কাজামের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
কঙ্গো ও রুয়ান্ডা একে অপরের বিরুদ্ধে এ সহিংসতায় বিদ্রোহী গ্র"পগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24