২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা ৫ পয়েন্ট এগিয়ে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ৩ দিন আগে শনিবার প্রকাশিত জনমত জরিপে ডেমোক্র্যাটিকদলীয় প্রার্থী বারাক ওবামার জনপ্রয়িতা সামান্য কমলেও রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এখনো তিনি ৫ পয়েন্ট এগিয়ে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ওয়াশিংটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ৩ দিন আগে শনিবার প্রকাশিত জনমত জরিপে ডেমোক্র্যাটিকদলীয় প্রার্থী বারাক ওবামার জনপ্রয়িতা সামান্য কমলেও রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এখনো তিনি ৫ পয়েন্ট এগিয়ে আছেন। আগের দিন শুক্রবার প্রকাশিত ফলাফলে ওবামা ৭ পয়েন্টে এগিয়ে ছিলেন। রয়টার্স/সি-স্প্যান/জগবি জরিপ এ ফলাফল জানিয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন দেশব্যাপী চালানো জরিপের শুক্রবারের ফলাফলে দেখা যায়, সম্ভাব্য ভোটদাতাদের ৪৯ শতাংশ ওবামাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, ম্যাককেইনকে সমর্থনের কথা জানিয়েছেন ৪৪ শতাংশ। টেলিফোন সাক্ষাৎকারে পরিচালিত এ জরিপের ভ্রান্তির সম্ভাবনা ২ দশমিক ৯ শতাংশ। জগবির জরিপ পরিচালনাকারী জন জগবি বলেন, "ম্যাককেইন যে অবস্থান কিছুটা শক্ত করেছেন সন্দেহ নেই। তিনি এগুতে শুরু করেছেন কীনা সে প্রশ্ন এখন উঠতেই পারে।" দুদিন ধরে ওবামার জনপ্রিয়তা ৫০ শতাংশে বহাল থাকার পর নিচে নেমে এল। অন্যদিকে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জরিপে ম্যাককেইন ৪৫ শতাংশের বেশি সমর্থন কখনোই অর্জন করতে পারেননি। অক্টোবরের ৬ তারিখে দেশব্যাপী জরিপ শুরুর দিন ম্যাককেইনের চেয়ে ওবামা ৩ পয়েন্ট এগিয়ে ছিলেন। সেদিনের ফলাফলে ওবামা ৪৮ এবং ম্যাককেইন ৪৫ শতাংশ সমর্থন পেয়েছিলেন। এর মধ্যে ওবামা একপর্যায়ে সর্বোচ্চ ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। ধারাবাহিকভাবে এ ব্যবধান অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে সক্ষম হন রিপাবলিকান প্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫১০ ঘ.