ইসলামাবাদ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা বন্ধের উপায় খুঁজে বের করতে সোমবার আলোচনায় বসছেন পাকিস্তান ও আফগানিস্তানের নেতারা। তাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন পাকিস্তানের পশতুন আদিবাসী নেতারা।
পাকিস্তান ও আফগানিস্তানে এই আলোচনাকে 'মিনি-জিরগাগাই' হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত বছর আফগানিস্তানে আদিবাসী নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের ফলো-আপ এই বৈঠক। পাকিস্তান ও অফগানিস্তান উভয় দেশে সংঘাত বন্ধে তালেবান নেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছিল গত বছরের ওই বৈঠক থেকে।
এক হাজারের বেশি বছর ধরে সমস্যা সমাধানে পশতুন আদিবাসীরা শীর্ষ নেতাদের নিয়ে যে কাউন্সিল গঠন করে তা 'জিরগা' নামে পরিচিত।
আগামী সোম ও মঙ্গলবার দুই দিনের আলোচনায় উভয় দেশের প্রায় ৫০ জন রাজনৈতিক নেতা, ধর্মীয় আধ্যাত্মিক নেতা এবং আদিবাসী পশতুন নেতারা যোগ দেবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ সাদিক বলেন, "এবারের আলোচনার দুটি প্রধান লক্ষ্য আছে তা হলো, চলমান সংলাপ এগিয়ে নেওয়া এবং আগেরবার জিরগাতে যে সিদ্ধান্ত হয়েছিল তার বাস্তবায়ন মূল্যায়ন করা।"
তবে বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা থেকে তেমন কোনো ফলই পাওয়া যাবে না। কেননা তালেবানদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখানে উপস্থিত থাকছে না।
সাত বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তালেবানদের পতনের পর আফগানিস্তানে গত দুই বছরে সহিংসতা অনেক বেড়েছে। এর ফলে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সফলতা হুমকির মুখে পড়েছে।
অন্যদিকে, একই সময়ে পাকিস্তানেও সহিংসতার মাত্রা বাড়ছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একের পর এক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আর জঙ্গিরা এর জবাব দিচ্ছে আত্মঘাতী হামলার মধ্য দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ গ.
bdnews24