২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদুৎ বিল পরিশোধে ১৫ দিন সময় পাচ্ছেন জ্ঞানেন্দ্র

নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র ও তার আত্মীয়দের বিপুল অঙ্কের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে তাদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

কাঠমাণ্ডু, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র ও তার আত্মীয়দের বিপুল অঙ্কের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে তাদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জ্ঞানেন্দ্র ও তার আত্মীয়দের ব্যবহৃত ২২টি প্রাসাদ ও বাংলোর বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ১১ লাখ ৪০ হাজার ডলার। ২০০৬ সালের পর থেকে এই বিল দেওয়া হয়নি। তবে এর মধ্যে জ্ঞানেন্দ্রের কত বিল বকেয়া আছে তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। নেপালে সাবেক মাওবাদীরা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর গত মে মাসে দেশটিতে প্রায় ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর জুন মাসে জ্ঞানেন্দ্র নারায়ণহিতি প্রাসাদ ছেড়ে দেন। এছাড়া, সরকার তার ব্যবহৃত আরও সাতটি প্রাসাদ জাতীয়করণ করে। তারপরও রাজধানী কাঠমাণ্ডু ও দেশের অন্যান্য অংশে জ্ঞানেন্দ্র ও তার আত্মীয়দের দখলে এখনও অনেক প্রাসাদ ও বাংলো রয়েছে। এগুলোর বিদ্যুৎ বিলও পরিশোধ করা হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা দীপক প্রসাদ উপাধ্যায় বলেন, "বিল পরিশোধের জন্য আমরা তাকে ১৫ দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে পরিশোধ করা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।" তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সাবেক রাজা জ্ঞানেন্দ্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪০ ঘ.