নতুন দিল্লি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চাঁদে অভিযানের জন্য প্রস্তুত ভারত। বুধবার চাঁদে যাচ্ছে ভারতের মানুষবিহীন নভোযান 'চন্দ্রযান-১'। এর মধ্য দিয়ে এশিয়ার মহাকাশ প্রতিযোগিতায় জাপান ও চীনের সঙ্গে একই কাতারে চলে আসবে ভারত।
বুধবার সকালে ভারতের মহাকাশ কেন্দ্র থেকে নভোযানটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে। চাঁদের কক্ষপথে পৌঁছতে নভোযানটির সময় লাগবে ১৬ ঘন্টা। বিজ্ঞানীরা একথা জানিয়েছেন।
ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) এর পরিচালক ভাস্কর নারায়ন রয়টার্সকে বলেছেন, "আমরা প্রথম চাঁদে যাচ্ছি। চীন আগেই গেছে। আজ আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। ব্যবধান দূর করার চেষ্টা করছি।" তিনি বলেন, " ভারত পেছনে পড়ে থাকতে চায় না।"
চাঁদের পৃষ্ঠভাগের খনিজ, রাসায়নিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের নিখুঁত চিত্র তৈরি করাই এ অভিযানের উদ্দেশ্য। এতে ব্যয় হবে প্রায় ৮ কোটি ডলার।
ভারত গত বছর প্রথম ইতালির তৈরি একটি নভোযান কক্ষপথে পাঠায়। এর আগে ১৯৯৮ সালে ভারত ১০ টি স্যাটেলাইট মহাশুন্যে পাঠিয়েছিল।
ভবিষ্যতে ভারত চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। এছাড়া, ২০২০ সালের মধ্যে ভারত চীন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে পাল্লা দিতে আরেকটি পরিপূর্ণ মহাকাশ কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮২৬ ঘ.
bdnews24