কান্দাহার, আফগানিস্তান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে দুটি বাসে তালেবান হামলায় শিশুসহ অন্ততপক্ষে ২৫ যাত্রী নিহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান রোববার একথা জানিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত ছয়বছরের মধ্যে এ বছরই সহিংসতা সর্বচ্চো পর্যায়ে পৌঁছেছে। আফগানিস্তানে জাতিসংঘের শীর্ষ দূত একথা জানিয়েছেন। এ বছর আফগানিস্তানে প্রায় ৪ হাজার লোক নিহত হয়েছে বলে জানান তিনি।
কান্দাহারের মেওয়ান্দ জেলায় বৃহস্পতিবার যাত্রীবোঝাই দুটি বাস যাওয়ার সময় পথিমধ্যে তালেবান হামলার শিকার হয়।
কান্দাহারের পুলিশ প্রধান মতিউল্লাহ কাতেহ জানান, তালেবানরা ওই দুই বাসের একটিকে থামানোর চেষ্টা করলে বাসটি না থামায় তারা এটি লক্ষ্য করে গুলি চালায়। এতে এক শিশু নিহত হয়। পরে তালেবানরা ৫০ জন যাত্রীবাহী অপর বাসটি থামাতে সক্ষম হয়। এই বাসে তারা ২৪ জন যাত্রীকে হত্যা করে। আর বাকীদের ছেড়ে দেয়।
মৃতদেহগুলো কিছুক্ষণ পরে রাস্তা থেকে কিছুটা দূরে পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কাতেহ।
তালেবানদের এক মুখপাত্র ক্বারী মোহাম্মদ রয়টার্সকে বলেছেন, তালেবানরা ২৭ জনকে হত্যা করেছে। নিহতরা আফগান সেনা বলে দাবি করেছেন ক্বারী। নিহতের সংখ্যা কোনও নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.
bdnews24