ওয়াশিংটন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার বলেছেন, আর্থিক সংকট মোকাবেলায় ব্যাংকগুলোকে সরাসরি নগদ অর্থের যোগান দিতে তাদের শেয়ার কিনে নেবে সরকার। এজন্য বুশ ২৫ হাজার কোটি ডলার ঢালার পরিকল্পনা ঘোষণা করেছেন।
শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর বুশ বলেন, "যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে এটি একটি প্রয়োজনীয় স্বল্পমেয়াদী পদক্ষেপ।" এতে করে ব্যাংকগুলো আবারও নতুন ঋণ দিতে উৎসাহিত হবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বুশ বলেন, "এই ব্যাংক পুনরুদ্ধার পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যে, বাজার স্থিতিশীল হওয়ার পর বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যাংকগুলো তাদের বিক্রি করা শেয়ার আবার সরকারের কাছ থেকে কিনে নিতে পারবে।"
বিশ্ব অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের অর্থনীতি রক্ষায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশ সংকটাপন্ন ব্যাংকগুলোর সাহায্যে এক ট্রিলিয়ন (১ দশমিক ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার) ইউরোর বেশি বরাদ্দের পদক্ষেপ গ্রহণের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিল ।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আর্থিক সংকট থেকে রক্ষায় সরকারের ঘোষিত ৭০ হাজার কোটি ডলার কোন কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে গত সোমবার দেশটির বড় ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
এর আগে একটি সূত্রে জানা গেছে, অর্থবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে এবং পুনরায় আন্তঃব্যাংক লেনদেন স্বাভাবিক করতে পুঁজিবাজারে বিনিয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৯টি ব্যাংককে সাড়ে ১২ হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়ার কথা থাকতে পারে মঙ্গলবারের ঘোষণায়।
যেসব ব্যাংককে এ বরাদ্দ দেওয়া হবে তার মধ্যে রয়েছে, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, সিটিগ্র"প, জেপিমররগান চেজ, গোল্ডম্যান স্যাক্স, মরগান স্ট্যানলি এবং ব্যাংক অব নিউ ইয়র্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫০ ঘ.
bdnews24