২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের পার্লামেন্টে ক্ষমতা-ভাগাভাগি চুক্তি

জিম্বাবুয়ের পার্লামেন্ট অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এই অধিবেশনে প্রেসিডেন্ট মুগাবে ও বিরোধীদলীয় নতা মর্গান স্যাঙ্গেরাইয়ের মধ্যকার ক্ষমতা-ভাগাভাগি চুক্তি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

হারারে, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের পার্লামেন্ট অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এই অধিবেশনে প্রেসিডেন্ট মুগাবে ও বিরোধীদলীয় নতা মর্গান স্যাঙ্গেরাইয়ের মধ্যকার ক্ষমতা-ভাগাভাগি চুক্তি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। ১৯৮০ সালে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই পার্লামেন্টে যোগ দিচ্ছে মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। সুষ্ঠুভাবে সরকার চালাতে পার্লামেন্টে সরকার ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর মধ্যে সমন্বয় খুবই প্রয়োজন। কিন্তু ক্ষমতা ভাগাভাগি চুক্তি করার পরও মন্ত্রিপরিষদের সদস্য নিয়োগ নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে বিরোধ শুরু হয়েছে। মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে সংকটের অবসান না হলে ক্ষমতা-ভাগাভাগি চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই। তবে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক "েঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই রোববার জানান, মতৈক্যে পৌঁছতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তার দল প্রস্তুত। গত শনিবার প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিজ দল জানু-পিএফ পার্টির নেতাদের নিয়োগ দেন মুগাবে। এতে ক্ষুব্ধ হয় এমডিসি। ফলে হুমকির মুখে পড়ে ক্ষমতা ভাগাভাগি চুক্তি। তবে সংকট সমাধানে মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির সাহায্য নিতে একমত হয়েছেন উভয় নেতা। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে চুক্তি টিকিয়ে রাখার জন্য হারারেতে উপস্থিত আছেন এমবেকি। গত রোববার হারারেতে এক দলীয় সমাবেশে স্যাঙ্গেরাই বলেন, "এমবেকির মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হলে চুক্তি থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।" তিনি আরও বলেন, "কিন্তু যতক্ষণ সম্ভবনা আছে সংকট সমাধানে আমরা আলোচনা চালিয়ে যাব।" মুগাবে এবং স্যাঙ্গেরাই বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন গত সেপ্টেম্বর মাসে। চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হয়। চুক্তির আওতায় স্যাঙ্গেরাই হন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া তিনি মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ মুগাবের হাতেই রয়ে যায়। চুক্তি অনুযায়ী, মন্ত্রিপরিষদের ১৫টি পদ পাবে মুগাবের জানুপিএফ, ১৩টি পাবে স্যাঙ্গেরাইয়ের এমডিসি এবং ৩টি পাবে মুতামবারার নেতৃত্বাধীন এমডিসির অপর অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.