ঢাকা, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - দক্ষিণ রুশ প্রজাতন্ত্র চেচনিয়াতে ভূমিকম্পে কমপক্ষে ১৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। (আরও তথ্যসহ)
স্থানীয় সময় শনিবার দুপুরের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পে ককেশাস এলাকা জুড়ে রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
৪০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেচনিয়ার রাজধানী গ্রজনি থেকে ৪০ কিলোমিটার বা ২৫ মাইল পূর্বে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা 'ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে' বা 'ইউএসজিএস' একথা জানিয়েছে।
রোববার দেশটির আঞ্চলিক নির্বাচনের কথা রয়েছে। এর একদিন আগে এ ভূমিকম্পে দেশটিতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং শত শত লোক তাঁবুতে আশ্রয় নিয়েছেন। এছাড়াও ভূমিকম্পের ফলে ৫০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্র"তি দিয়েছেন।
চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ বলেন, "ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তিই প্রয়োজনীয় সহায়তা পাবে।"
ওই ভূমিকম্প প্রতিবেশী জর্জিয়া ও আর্র্মেনিয়া পর্যন্ত অনুভূত হয়। সেখানে ত্রাণ তৎপরতা সমন্বয় করতে মস্কো থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এমডি/এএমটি/১৩৪২ ঘ.
bdnews24