সউল, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল থেকে ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি সম্পন্ন করেছে। দক্ষিণ কোরিয়ার দৈনিক 'চুসুন ইলবো' বৃহস্পতিবার একথা জানিয়েছে।
মঙ্গলবার পীত সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর নতুন করে এ প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া। এতে ভূমি থেকে জাহাজে এবং জাহাজ থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে তারা।
অবশ্য গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, তাদের ধারণা উত্তর কোরিয়া ৫ থেকে ৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।
এক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, এ কর্মসূচির জন্য পীত সাগরের ওই অঞ্চলে ১৫ অক্টোবর পর্যন্ত সকল ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
ওই গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি আরও জানায়, "উত্তর কোরিয়া যদি আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে একে নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে দেখা কঠিন হয়ে পড়বে।"
এর আগে ২০০৬ সালের জুলাই মাসে দূর পাল্লার তায়েপোডং-২ নামের ক্ষেপণাস্ত্রসহ উত্তর কোরিয়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪৩৬ ঘ.
bdnews24