বার্সিলোনা, স্পেন, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে বার্ড ফ্লু কিংবা পীত জ্বরের মতো মারাত্মক সব ঘাতক ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি মঙ্গলবার একথা বলেছে।
বিশ্বের ৬০ টি দেশে কর্মরত যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই সমিতি বণ্যপ্রাণীদের স্বাস্থ্যের ওপর আরও বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছে। যাতে করে বিশ্ব ঊষ্ণায়নের সঙ্গে সঙ্গে জীবাণু ছড়িয়ে পড়ার বিষয়টি আগে থেকেই টের পাওয়া সহজ হয়।
ঘাতক ব্যাধির তালিকায় রয়েছে বার্ড ফ্লু, কলেরা, এবোলা, প্লেগ, যক্ষা, প্যারাসাইটিস এবং পীত জ্বরের মতো বিভিন্ন রোগ। বণ্যপ্রাণী সংরক্ষণ সমিতির প্রধান স্টিভেন স্যান্ডারসন বলেছেন, " সামান্য অসুখ থেকেই তা মারাত্মক আকার ধারণ করতে পারে। আবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে বণ্যপ্রাণীর রোগ মানুষের দেহে সংক্রমিত হতে পারে।"
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন কথাটি শুনলে আমরা বরফ গলা এবং সমুদ্রস্তর বেড়ে যাওয়ার কথাটাই চিন্তা করি। সমুদ্র স্তর বেড়ে গেলে উপকূলীয় নগরী এবং দেশগুলো তলিয়ে যাবে এমন চিন্তাই আমরা আগে করি। কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মারাত্মক সব জীবাণূ ছড়িয়ে পড়ার কথা চিন্তা করাটাও সমান গুরুত্বপূর্ণ।"
এক বিবৃতিতে স্যান্ডারসন বলেন, "বণ্যপ্রাণীদের স্বাস্থ্যের ওপর নজর রাখলে আমরা সমস্যার উৎপত্তিস্থল সম্পর্কে ধারণা পাব এবং রোগব্যাধি মোকাবেলায় পরিকল্পনামাফিক এগুতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৯ ঘ.
bdnews24