জাতিসংঘ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গণহত্যা ও গণনৃশংসতা প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা ফ্রাঙ্কিস ডেং মঙ্গলবার কেনিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য দায়ী নেতাদের সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।
রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, কেনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি একজন কর্মকর্তা পাঠাচ্ছেন।
উল্লেখ্য, কেনিয়ায় গত ডিসেম্বর মাসের বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় সাড়ে আটশ' লোকের প্রাণহানি হয়েছে।
ডেং বলেন, মেরিলিন স্মীটস নামের ওই কর্মকর্তা বৃহস্পতিবার কেনিয়ায় রওনা হবেন।
ডেং আরও বলেন, "কেনিয়ায় যা চলছে তা গণহত্যার আওতায় পড়েছে-- তা তিনি বলছেন না। তিনি বলেন, "এই মুহুর্তে আমরা গণহত্যা শব্দটি নিয়ে কথা বলছি না। তবে নৃশংসতার যে ধরন আমরা দেখছি তা সহসাই ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে।"
ডেং বলেন, "আমাদের সমস্ত প্রচেষ্টাই প্রতিরোধমূলক।"
তিনি বলেন, দায়ীদেরকে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ আইনের আওতায় আনা হবে। তবে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে তাদের বিচার করতে হবে "ভিন্ন পর্যায়ে।"
তবে কোন আন্তর্জাতিক সংস্থা তাদের বিচার করবে সে সম্পর্কে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
ডেং বলেন, স্মীটস'র মিশন হবে তথ্য সংগ্রহ করে তার কাছে প্রতিবেদন জমা দেওয়া। যাতে বিষয়টি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ব্যাখ্যা দেওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪১৩ ঘ.
bdnews24