২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পরমাণু তালিকা চায় যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের পূর্ণ তথ্য চায় যুক্তরাষ্ট্র। এক মার্কিন কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন। বিশ্ব শক্তিগুলোর সঙ্গে চুক্তি মোতাবেক ২০০৭ সালের মধ্যে নিস্ক্রিয়করণের কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

সিউল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের পূর্ণ তথ্য চায় যুক্তরাষ্ট্র। এক মার্কিন কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন। বিশ্ব শক্তিগুলোর সঙ্গে চুক্তি মোতাবেক ২০০৭ সালের মধ্যে নিস্ক্রিয়করণের কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। সিউল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সুং কিম বলেন, "এখন আমরা চাই উত্তর কোরিয়া তার পরমাণু প্রকল্প ও অস্ত্রের পূর্ণ ও সঠিক তথ্য প্রকাশ করুক।" আন্তর্জাতিক চুক্তি মোতাবেক গত নভেম্বর থেকে উত্তর কোরিয়া ইয়ংবিয়ন প্রকল্প নিস্ক্রিয়করণ শুরু করে। উত্তর কোরিয়া নিস্ক্রিয়করণের কাজ শেষ করতে পারলে দেশটির ওপর থেকে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক অবরোধ তুলে নেওয়ার পদক্ষেপ নিতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও তারা সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে দেশটিকে বাদ দিতে পারে। উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের আংশিক নিস্ক্রিয়করণ পদক্ষেপও বিবেচনা করতে পারে বলে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকার খবর প্রত্যাখ্যান করেছেন কিম। তিনি আগামী বুধবার বেইজিং এবং বৃহস্পতিবার পিয়ংইয়ং সফর করবেন। উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি ক্রিস্টোফার হিলও জানিয়েছেন যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ তালিকা চায়। যুক্তরাষ্ট্রের সন্দেহ উত্তর কোরিয়া প্রায় ৫০ কেজি প্লুটোনিয়াম তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এ দিয়ে ছয়টি পরমাণু বোমা বানানো সম্ভব। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার পিয়ংইয়ংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিনিধিদলের প্রধান ওয়াং জিয়ারুই সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইবি/১৮২৫ ঘ.