বৈরুত, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননের রাজধানী বৈরুতে রোববার সরকারবিরোধী ৭ বিক্ষোভকারীকে গুলি করে হত্যার পর এর প্রতিবাদে দক্ষিণ লেবাননে বিক্ষোভের সময় অপর একজন নিহত হয়। ওই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা জানতে সোমবার তদন্ত দাবি করেছে লেবাননের শিয়া মুসলমানদের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ।
লেবাননে ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের পর রাজধানী বৈরুতের রাজপথে রোববারের এ সহিংসতাই সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত হচ্ছে।
লেবাননের সিরিয়াপন্থি রাজনৈতিক দল হিজবুল্লাহ বলেছে, সত্য আড়ালের যে কোনো প্রচেষ্টাতেই লেবাননের "স্থিতিশীলতা এবং নাগরিক শান্তি" হুমকির মুখে পড়বে।
হিজবুল্লাহর একটি গেরিলা সেনাবাহিনীও রয়েছে। দলটি এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা সরকারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সরকার বিরোধীরা রোববার রাজধানীতে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করার পর সহিংসতা শুরু হয়।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রোববারের সহিংসতায় কমপক্ষে ২৯ জন আহত হয়।
তারা জানান, বৈরুতের গোলাগুলির বিরুদ্ধে দক্ষিণ লেবাননে বিক্ষোভ হওয়ার সময় গাড়ির আঘাতে অষ্টম একজন মারা যায়।
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণকারী সেনাবাহিনী ওই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
এদিকে, এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রশ্ন করে বলেছে, "শহীদ ও আহতরা কি সেনাবাহিনীর বুলেটে নিহত হয়েছেন? আর তা যদি হয়, তবে গুলি করতে সেনাদেরকে নির্দেশ দিয়েছিল কে? অন্য কোনো পক্ষ কি এটি ঘটিয়েছে? আর ঘটিয়ে থাকলে তারা কারা?"
সংগঠনটি বলেছে, "প্রত্যেক ফোঁটা রক্তপাতের" জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করবে।
রোববারের ওই সহিংসতার জন্য লেবানন সরকার সোমবার জাতীয় শোক ঘোষণা করায় স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৪ ঘ.
bdnews24