২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যার সামরিক সমাধানে বিশ্বাসী নই: রাজাপাকসে

শ্রীলংকায় তামিল গেরিলা সঙ্কট সামরিক শক্তি প্রয়োগ করে সমাধান করা সম্ভব নয় বলেই বিশ্বাস করেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। কিন্তু তামিল টাইগাররা সন্ত্রাস না ছাড়লে সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে রাজাপাকসে একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কলোম্বো, জানুয়ারি, ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় তামিল গেরিলা সঙ্কট সামরিক শক্তি প্রয়োগ করে সমাধান করা সম্ভব নয় বলেই বিশ্বাস করেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। কিন্তু তামিল টাইগাররা সন্ত্রাস না ছাড়লে সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে রাজাপাকসে একথা বলেন। শ্রীলংকা সরকার গত সপ্তাহে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে ছয় বছরের যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেওয়ার পর গণমাধ্যমে এটিই রাজাপাকসের প্রথম প্রতিক্রিয়া। তিনি বলেন, "এ সঙ্কটের রাজনৈতিক সমাধান হতে হবে। কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে এই সমাধানের পথে এগুনো যাবে না। তাদেরকে অবাধে ছেড়ে দেওয়া যায় না।" রাজাপাকসে বলেন, দুবছর ধৈর্য ধরার পর তিনি যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। কারণ, এলটিটিই গেরিলারা সাধারন মানুষের ওপর হামলা বাড়িয়েছে। তিনি বলেন, "সন্ত্রাসীরা সাধারন মানুষের ক্ষতি না করুক সেটিই আমি চাই। কিন্তু তারা তা করে আসছে। তাদের অভিপ্রায় খুবই স্পষ্ট। আর সেজন্যই আমাকে একটি সিদ্ধান্ত নিতে হয়েছে।" উল্লেখ্য, একের পর এক সন্ত্রাসী হামলা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের দায়ে বিশ্বের বেশ কয়েকটি দেশ এলটিটিইকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। যেমন, যুক্তরাষ্ট্র ও ইইউ সদস্য দেশগুলো। কিন্তু আগের শ্রীলংকা সরকার শান্তি আলোচনার পথ সুগম করতে ২০০২ সালে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু শান্তি আলোচনা পরে ভেঙে পড়ে। এলটিটিইকে আবার নিষিদ্ধ করা হবে কিনা সে ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন রাজাপাকসে। তিনি বলেন, "আমাকে এখন অপেক্ষা করতে হবে।" রাজাপাকসের প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্যের জন্য টাইগারদের পক্ষ থেকে কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ গত নভেম্বরে বলেছিলেন, "সরকারের সঙ্গে সঙ্কটের রাজনৈতিক সমাধানের কোনো আশা তাদের নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৩ঘ.