২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট অবসানে রাজনীতিকদের প্রতি কেনিয়ার গণমাধ্যমের আহ্বান

অবিলম্বে রাজনৈতিক সংঘাত নিরসনে বিবদমান রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে কেনিয়ার গণমাধ্যম। একইসঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, দ্রুত সমস্যা সমাধান করা না গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

নাইরোবি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবিলম্বে রাজনৈতিক সংঘাত নিরসনে বিবদমান রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে কেনিয়ার গণমাধ্যম। একইসঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, দ্রুত সমস্যা সমাধান করা না গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে। প্রেসিডেন্ট কিবাকি এবং বিরোধী নেতা ওডিঙ্গার মধ্যে সমঝোতার লক্ষ্যে আফ্রিকান ইউনিয়নের একটি মধ্যস্থতা প্রচেষ্টা নস্যাত হয়ে যাওয়ার পর এখন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কেনিয়ায় নতুন করে শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছেন। কিন্তু এইউ মধ্যস্থতা ভেঙ্গে পড়ার পর দেশটিতে আবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধী নেতা রাইলা ওডিঙ্গা। এ অবস্থায় আবারও একটি রক্তক্ষয়ী সহিংসতা থেকে দেশকে বাঁচাতে জরুরি ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে সম্পাদকীয়সহ বিভিন্ন মতামত প্রতিবেদন ছাপে কেনিয়ার প্রধান প্রধান সংবাদপত্রগুলো। 'দ্য ডেইলি নেশন' তার সম্পাদকীয়তে লেখে, "এ দেশের ওপর দিয়ে যে ভয়াবহ মৃত্যু আর ধ্বংসের স্রোত বয়ে গেছে তা স্মরণ করে উভয়পক্ষেরই উচিৎ তাদের রাশ টানা এবং নিজেদের এ প্রশ্ন করা যে, কেনিয়াকে ধ্বংস করে দিতে এমন কোনো ঘটনা ঘটানোর দায়দায়িত্ব তারা নিতে চান কি না।" 'দ্য স্ট্যান্ডার্ড' পত্রিকাটি লিখেছে, " সরকারের এমন অনমনীয়তা এবং ন্যায়বিচারের দাবিতে ওডিএম (রাইলা ওডিঙ্গার দল অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট) এর এমন একাট্টা অবস্থানের আগামী দিনগুলো আরও বিপর্যয়কর হতে বাধ্য....আমাদের মাথার ওপর এখন দুর্যোগের কালো মেঘ।" গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাওয়ি কিবাকি দ্বিতীয় দফায় দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলে শুরু হওয়া রাজনৈতিক সহিংসতায় কেনিয়ায় প্রায় পাঁচ শ' লোকের প্রাণহানি ঘটে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এ সহিংসতার পর কেনিয়ায় এখন প্রায় পাঁচ লাখ লোককে প্রাত্যহিক খাদ্য সহায়তাসহ অন্যান্য জরুরি সাহায্য দেওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.