নাইরোবি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচন পরবর্তী সহিংসতা ও অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আফ্রিকার বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে গঠিত একটি পরিষদের সঙ্গে একযোগে কাজ করতে রাজি হয়েছে কেনিয়ার রাজনৈতিক দলগুলো। আফ্রিকান ইউনিয়নের প্রধান ও ঘানার প্রেসিডেন্ট জন কফুর বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, কফুরের মধ্যস্থতায় আলোচনা ব্যর্থ হয়েছে।
জন কফুর সাংবাদিকদের বলেন, "নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করতে এবং সংবিধান ও নির্বাচনী সংস্কার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলো আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত একটি প্যানেলের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ওই প্যানেলের নেতৃত্ব দেবেন।"
তিনি আরও বলেন, "উভয় পক্ষই একমত হয়েছে, সহিংসাত বন্ধ করা এবং এ লক্ষ্যে আলোচনা শুরু করা প্রয়োজন।
তবে এর আগে আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একটি সূত্র জানায়, ইইউ প্রধান কফুরের উদ্দ্যোগে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি যে কোনো সময় কেনিয়া ত্যাগ করবেন।
জন কফুর বুধবার কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের পর প্রেডিডেন্ট কিবাকির অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট বিরোধীপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে কফুরকে আশ্বস্ত করেছেন।
বিবৃতিতে বলা হয়, "দেশের বিভিন্ন অংশ ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। প্রেসিডেন্ট তার গঠিত আংশিক সরকার নিয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন এবং বিরোধীরাও এখন শান্তি স্থাপনে এগিয়ে আসছে।"
প্রেসিডেন্ট কিবাকি বিরোধীদের সরকারে রাখার প্রতিশ্র"তি দিয়েছেন এবং বিরোধী নেতা ওদিঙ্গাকে আগামী শুক্রবার সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তবে ওদিঙ্গা বৈঠকে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ছাড়া এই ধরনের বৈঠকের কোনো মূল্য নেই।
গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর কেনিয়ায় ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা। তাদের অভিযোগ নির্বাচনে জালিয়াতির মাধ্যমে একটি বেসামরিক অভ্যুত্থান ঘটিয়ে কিবাকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন।
আফ্রিকার স্থিতিশীল দেশ হিসেবে কেনিয়ার যে খ্যাতি ছিল নির্বাচন পরিবর্তী সহিংসতায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড পর্যটন ও চা শিল্পের এর ব্যাপক প্রভাব পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২০ ঘ.
bdnews24