নাইরোবি, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা মঙ্গলবারের নির্ধারিত বিক্ষোভ-সমাবেশ না করার ঘোষণা দিয়েছেন। মার্কিন দূত জেন্দায়ি ফ্রেজারের সঙ্গে বৈঠকের পর সোমবার তিনি এ ঘোষণা দেন। সমাবেশ বাতিলের কারণ হিসাবে তিনি একটি "মধ্যস্থতা প্রক্রিয়া" শুরু হতে যাওয়ার কথা বলেছেন।
একইদিনে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বারের মতো কেনিয়ার প্রেসিডেন্ট হওয়া মাওয়ি কিবাকিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির আইনজীবী সমিতি। একইসঙ্গে তারা, পূর্ব আফ্রিকার এ দেশটিতে পুনরায় নির্বাচন দেওয়ার জন্যও তার প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত ৪৮৬ জন নিহত হয়েছে বলে সোমবার সরকারিভাবে জানানো হয়েছে। এর আগে এ সংখ্যা প্রায় সাড়ে তিনশ' বলে জানানো হয়েছিল।
মঙ্গলবার দেশব্যাপী পরিকল্পিত সরকারবিরোধী বিক্ষোভ বাতিল করা প্রসঙ্গে সোমবার কেনিয়ার প্রধান বিরোধীদল 'অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট' (ওডিএম) এর নেতা রাইলা ওডিঙ্গা সাংবাদিকদের জানিয়েছেন, "আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে মধ্যস্থস্তা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।"
আফ্রিকা মহাদেশের জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জেন্দায়ি ফ্রেজারের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের তিনি আরও বলেন, "আমরা দেশব্যাপী আমাদের সমর্থকদের জানাচ্ছি যে (মঙ্গলবার) কোনো জনসমাবেশ হবে না।"
ওডিঙ্গা বলে আসছেন, তিনিই কেনিয়ার সত্যিকারের প্রেসিডেন্ট। এর আগে ওডিঙ্গার দল ওডিএম বলেছিল, পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার তারা বিক্ষোভ করা থেকে বিরত থাকবে না।
ওদিকে, আইনজীবী সমিতি তাদের নিজস্ব পর্যবেক্ষক এবং বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদনের কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, "আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে যে মাননীয় মাওয়ি কিবাকি পদত্যাগ করুক এবং আবারও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হোক।" প্রসঙ্গত, বিদেশি পর্যবেক্ষকরা বলেছিলেন, নির্বাচনে কারচুপি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "তারা আরও দেখেছে যে প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বাসযোগ্য ছিল না। আর তাই কাউকে বিজয়ী ঘোষণা করা গ্রহণযোগ্য নয়।"
সোমবার কেনিয়ার অধিকাংশ এলাকা শান্ত হয়ে আসারও খবর পাওয়া গেছে। তবে উগান্ডার কাছ থেকে পাওয়া অনিশ্চিত খবর সূত্রে জানা গেছে, সীমান্তে হামলাকারীরা কেনিয়ার ৩০ জন বাসিন্দাকে নদীতে ডুবিয়ে হত্যা করেছে।
উগান্ডার তোরোরো জেলার কমিশনার রয়টার্সকে বলেন, "আমি খবর পেয়েছি যে ৩০ জন লোককে কিপকারেন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।"
তবে এ খবর কেনিয়ার পুলিশ নিশ্চিত করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮০০ ঘ.
bdnews24