পেশোয়ার, পাকিস্তান, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকার পরিচালিত শান্তি কর্মসূচির দুটি কার্যালয়ে জঙ্গি হামলায় ৮ জন নিহত হয়েছে। এসব জঙ্গিরা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। সোমবার পাকিস্তান সেনাবাহিনী একথা জানিয়েছে।
আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় রোববার এ হামলার ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এই এলাকাটিতে আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানের জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদের ঘাঁটি রয়েছে।
পাকিস্তান সরকার অভিযোগ করে আসছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পেছনে মেহসুদ জড়িত রয়েছেন। যদিও মেহসুদের এক মুখপাত্র সরকারের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
এলাকাটির প্রধান দুটি শহরের কথা উল্লেখ করে এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, "ওয়ানা বাজার এবং শিকাইর শান্তি কামিটির অফিসে দুবৃত্তদের গুলি বর্ষণে কমিটির ৮ সদস্য নিহত হয়েছেন।"
আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান এবং তার পার্শ্ববর্তী উত্তর ওয়াজিরিস্তান তালেবান ও আল কায়েদা সমর্থকদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তান থেকে তালেবানদের ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানের সময় অনেক জঙ্গি পালিয়ে পাকিস্তানের এ এলাকায় আশ্রয় নেয়।
এদিকে, সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় সেনাবাহিনীর একটি শিবিরের গেটে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনা আহত হয়েছেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৩২ ঘ.
bdnews24