কারাকাস, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৪ জন আরোহী নিয়ে শুক্রবার ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কয়েকটি দ্বীপের কাছে বিধ্বস্ত বিমানটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। যাত্রীদের মধ্যে ইতালির ৮ জন এবং সুইজারল্যান্ডের একজন নাগরিক ছিলেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিমান উদ্ধার এবং বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা শুক্রবার জানান, দুর্ঘটনার পর প্রায় ১০ ঘণ্টা ধরে স্পিড বোট ও হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকর্মীরা দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটির জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, চেক রিপাবলিকের তৈরি ১৯ আসন বিশিষ্ট এলইটিএল-৪১০ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে তার পাইলট ইঞ্জিনে সমস্যা হওয়ার কথা জানান।
একজন উদ্ধারকর্মী জানিয়েছেন, বিমানটি কারাকাস থেকে 'লস রকস' পর্যটন ;দ্বীপপুঞ্জে যাচ্ছিল। কিন্তু ইঞ্জিনে সমস্যর কথা জানানোর পর সেটি আর তার গন্তব্যে পৌঁছায়নি।
ভেনেজুয়েলার বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থার প্রধান জেনারেল অ্যান্তোনিও রিভেরো স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বৃষ্টি ও শক্তিশালী ঢেউয়ের কারণে "বিমানটির তল্লাশি অভিযান জটিল হয়ে পড়েছে।"
রিভেরো এর আগে বলেছিলেন, শেষ মুহূর্তে বিমানটিতে আরও চারজন আরোহন করায় বিমানটি আরোহীর সংখ্যা পৌঁছায় ১৮ জনে। তবে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থাটি জানায়, আরোহীর সংখ্যার ওই তথ্য ঠিক নয়।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটির আরোহীদের মধ্যে আটজন ছিল ইতালির নাগরিক। তিনি আর কোনো বিস্তারিত জানাননি।
বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ভেনেজুয়েলা ভিত্তিক এয়ারলাইন ট্রানসাভেন পরিচালিত বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকালে লস রকস থেকে ২৪ কিলোমিটার দূরে সাগরের মধ্যে পড়ে যায়। সংস্থাটি সন্ধ্যায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আরোহীদের একজন ছিল সুইজারল্যান্ডের নাগরিক। এর আগে তারা ওই যাত্রীকে আমেরিকার নাগরিক হিসাবে উল্লেখ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১২৩ ঘ.
bdnews24