কাবুল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ও গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে আলোচনায় বসতে চান। তবে বিদেশী সেনা প্রত্যাহারের মতো কোনো পূর্বশর্ত মেনে তিনি আলোচনায় বসবেন না। রাজধানী কাবুলে তালেবানদের এক আত্মঘাতী হামলায় ২৮ সেনাসহ ৩০ জন নিহত হওয়ার পরপরই তিনি একথা জানালেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামিদ কারজাই জানান, তালেবান নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে আলোচনা করেছেন। উভয় নেতাই বিষয়টিকে সমর্থন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
হামিদ কারজাই বলেন, "অফগানিস্তানের জন্য শান্তি প্রয়োজন, আফগানিস্তানের জন্য স্থিতিশীলতা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "যারা আফগান ও দেশে ফিরতে চায় আমরা অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করব। আমরা এ নীতিই বাস্তাবায়ন করছি। এ বিষয়ে আফগান জনগণের সঙ্গে আমাদের বোঝাপড়াও আছে।"
আফগান প্রেসিডেন্ট কারজাই এর আগে কয়েক দফায় তালেবান নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে পলাতক তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ও আরেকটি বিদ্রোহী গ্র"পের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে আলাচনা করতে চাই।"
এ দুই নেতাই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় আছেন।
তালেবানদের সঙ্গে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র বিরোধীতা করেছে বলে এর আগে যে খবর পাওয়া গিয়েছিল কারজাই তা প্রত্যাখ্যান করেন। তিনি জানান, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য তার সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর যুক্তরাষ্ট্রও আল-কায়েদার সঙ্গে সংশিষ্ট নয় এমন বিদ্রোহীদের সঙ্গে আলোচনার বিষয়ে সমর্থন করেছে।
হামিদ কারজাই বলেন, "আমি যদি তাদের যোগাযোগের ঠিকানা জানতে পারি তাহলে আমিই তাদের কাছে যাব। তাদের আমার কাছে আসার প্রয়োজন নেই।"
আফগান নেতা বলেন, "আমি সম্মানিত মৌলভী ও হেকমতিয়ারের কাছ জানতে চাইব- আপনারা কেন দেশটাকে ধ্বংস করছেন? আপনারা এ কাজ করবেন না। আপনাদের আপত্তি কোথায়? "
কারজাই জানান, তালেবানদের জন্য তিনি কিছু সরকারি পদ বরাদ্দ করবেন। তিনি আরও জানান, মোল্লা ওমর ও হেকমতিয়ার দেশের ক্ষমতা চাইলে আগামী ২০০৯ সালের নির্বাচনে লড়তে পারবেন।
তিনি বলেন, "আপনারা যদি ক্ষমতা না চান তাহলে আপনারা কি করতে চান? আপনারা কি চান বিদেশী সেনারা আফগানিস্তান ছেড়ে যাক? তবে এটা পরিস্কার যে, আমরা বিদেশী সেনাদের যেতে দেব না।"
তিনি আরও বলেন, "আফগানিস্তান যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছে ততোদিন এদেশে ন্যাটো ও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রয়োজন আছে।"
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য মোল্লা ওমর ও হেকমতিয়ারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এর আগে বিদ্রোহীরা জানিয়েছিল, বিদেশী সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরই তারা আলোচনায় বসতে পারে, তার আগে নয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৮৩৫ ঘ.
bdnews24