বাগদাদ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে দখলদার মার্কিন সেনাবাহিনী বাগদাদে বিমান হামলার কথা স্বীকার করেছে শনিবার। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সন্দেহভাজন একটি গ্র"পের মর্টার হামলা ঠেকানোর জন্য ওই বিমান অভিযান চালানো হয়। শুক্রবার চালানো ওই বিমান হামলায় আট ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন ইরাকের স্বাস্থ্য কর্মকর্তরা।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, "যৌথ বাহিনীর টহল দলের সদস্যরা দক্ষিণ বাগদাদের দোরা জেলায় একটি সন্দেহভাজন দলকে আশপাশের এলাকায় মর্টার হামলা চালাতে দেখতে পায়। মর্টার শেল নিক্ষেপ করে উৎক্ষেপক টিউবটি লুকিয়ে রেখে পালিয়ে যায় ওই সন্দেহভাজনরা।"
বিবৃতিতে বলা হয়, "এ অবস্থায় তাদের ঘায়েল করতে বিমান সাহায্য চায় সেনারা। পরে বিমান অভিযানে তাদের জব্দ করা হয়।"
বাগদাদের একজন উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা শুক্রবার জানান, ওই হামলায় সাতজন নিহত এবং আরও ছয়জন আহত হয়। পরে আহতদের একজন মারা যান।
এদিকে, রয়টার্সের টেলিভিশন চিত্রে বাগদাদের যমরুক হাসপাতালে আহত তিন ব্যক্তি ও দুই কিশোরকে চিকিৎসা দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে। গুরুতর জখমের কারণে এক কিশোরের বাম পাটি কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা।
কিন্তু মার্কিন বিবৃতিতে ২/৩ জনের নিহত হওয়ার কথা বলা হলেও কোনো বিস্তারিত তথ্য জানায়নি তারা।
মার্কিন সেনারা ওই বিবৃতিতে বলে, "ইরাককে সন্ত্রাসবাদ মুক্ত করতে যেয়ে যৌথ বাহিনীর কোনো হামলায় কোনো বেসামরিক ইরাকি হতাহত হলে আমরা কষ্ট পাই। সন্ত্রাসবাদীরা তাদের কর্মকাণ্ড এবং উপস্থিতির মধ্য দিয়ে প্রতিনিয়তই ইচ্ছাকৃতভাবে ইরাকি নারী ও শিশুদের বিপদের মধ্যে ফেলছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৬২৩ ঘ.
bdnews24