২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা প্রশ্নে সর্বিয়ার সঙ্গে মুখোমুখি বৈঠকে কসোভো

কসোভোর স্বাধীনতা প্রশ্নে সার্বিয়া ও কসোভোর আলবেনীয় প্রতিনিধিরা শুক্রবার প্রথম নিউইয়র্কে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছেন। সার্বিয়া থেকে কসোভো প্রদেশের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের অচলবস্থার পর দুপক্ষ বৈঠকে বসল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কসোভোর স্বাধীনতা প্রশ্নে সার্বিয়া ও কসোভোর আলবেনীয় প্রতিনিধিরা শুক্রবার প্রথম নিউইয়র্কে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছেন। সার্বিয়া থেকে কসোভো প্রদেশের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের অচলবস্থার পর দুপক্ষ বৈঠকে বসল। সার্বিয়াকে সমর্থন করে আসা রাশিয়া বরাবরই কসোভোর স্বাধীনতার বিরোধিতা করে এসেছে। ওদিকে যুক্তরাষ্ট্র এবং ইইউ বরাবরই কসোভোর স্বাধীনতার পক্ষ সমর্থন করে এসেছে। কসোভোর জনসংখ্যার ৯০ শতাংশ আলবেনীয়ও সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতার জন্য মরিয়া। যুক্তরাষ্ট্র এবং ইইউ কসোভোর স্বাধীনতার ক্ষেত্রে সাবেক ফিনিশ প্রেসিডেন্ট মার্টি আতিসারির পরিকল্পনাকে সমর্থন দিয়েছে। আতিসারির পরিকল্পনায় ইইউ'র তত্ত্বাবধানে কসোভোর স্বাধীনতার কথা বলা হয়েছে। সেইসঙ্গে কসোভোর সার্বদের জন্য বৃহত্তর স্বায়ত্ত্বশাসন দেওয়ার কথাও বলা হয়েছে এ পরিকল্পনায়। কিন্তু রাশিয়া এ পরিকল্পনা সমর্থন করেনি। এর পরিবর্তে রাশিয়ার দাবি ছিল, কসোভোর স্বাধীনতার বিষয়টি সার্বিয়ার সঙ্গে কসোভোর সরাসরি আলোচনার মধ্য দিয়েই নিষ্পত্তি হোক। বিশ্বের শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা শেষ পর্যন্ত বৃহস্পতিবার সাবিয়া এবং কসোভো আলবেনীয়দের শেষবারের মতো আলোচনার মধ্য দিয়ে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা নেওয়ার অনুরোধ জানান। পরে মধ্যস্থতাকারীদের সহায়তায় দুপক্ষকে বৈঠকে বসানো হয় এবং দুপক্ষের মধ্যে অন্য কোনো সংকটের সূত্রপাত ঠেকাতে বৈঠকের আগে থেকেই তৎপর থাকেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, "এ প্রক্রিয়া চলছে। কাজেই দুপক্ষেরই কিছু দায়-দায়িত্ব আছে।" তিনি আরও বলেন, "বেলগ্রেড এবং প্রিস্টিনা প্রতিনিধিদের উচিত সত্যিকারের গঠনমূলক স্পৃহা নিয়ে আলোচনায় বসা।" সার্বিয়া ও কসোভোর বৈঠকে মধ্যস্থতাকারীরা হচ্ছেন, জার্মানির ইইউ মধ্যস্থতাকারী ওলফগ্যাং ইসচিঞ্জার, যুক্তরাষ্ট্রের ফ্র্যাংক উইসনার এবং রাশিয়ার অ্যালেক্সান্ডার বোটসান খারচেঙ্কো। কসোভোর চূড়ান্ত মর্যাদার ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর জন্য বিশ্বের শক্তিধর দেশগুলো ১০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। মন্ত্রীরা বলছেন, কসোভো সঙ্কটের আশু সমাধান পশ্চিম বলকান অঞ্চল এবং গোটা ইউরোপের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ঘ.