ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - সেনাপ্রধানের পদে বহাল থেকেও আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার এ রায় দিয়েছে।
একইসঙ্গে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের পদে বহাল থাকা ও উর্দি পরিহিত অবস্থাতেই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো এবং জানুয়ারিতে মেয়াদ শেষ হবে এমন একটি বিদায়ী পার্লামেন্টের মাধ্যমে আবার নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদলীয় আইনজীবীদের রিটের শুনানি শেষে আদালত ওই রায় দেয়।
পাকিস্তান সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ ৬-৩ ভোটে ওই রায় দেয়। নয় সদস্যের ওই বিচারক প্যানেলের প্রধান রানা ভগবান্দাস রয়টার্সকে একথা জানান।
বিচারপতি ভগবান্দাস বলেন,"৬-৩ সংখ্যাগরিষ্ঠতার কারণে ওই পিটিশনটি আর গ্রহণযোগ্য থাকছে না।"
এ রায়ের পর পাকিস্তানের প্রধান বিরোধী জোট নেতারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। রায় ঘোষণার পরপরই বিক্ষুব্ধ বিরোধীদলীয় আইনজীবী ও সমর্থকরা আদালত প্রাঙ্গণে তুমুল হট্টগোল শুরু করেন।
সুপ্রিম কোর্টের এ রায়ের মধ্য দিয়ে পাকিস্তানের রাজনীতি নতুন সংকটের মধ্যে পড়লো। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ দেশটির বিচার বিভাগ মুশাররফের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। পরপর বেশ কয়েকটি রায়ে মুশাররফ সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা এবং সর্বশেষ বরখাস্ত করা প্রধান বিচারপতিকে পুনর্বহাল করার মধ্য দিয়ে দেশটিতে এক নতুন মাত্রা যোগ করেছিল বিচারবিভাগ।
পুননির্বাচন প্রচেষ্টাকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলে জেনারেল মুশাররফ পার্লামেন্ট ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং একটি অন্তবর্তী সরকার ঘোষণা করতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছিল।
এখন মুশাররফ নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করায় পূর্ব ঘোষণা অনুসারে বিরোধী দলগুলো কিংবা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ একযোগে পার্লামেন্ট থেকে বেরিয়ে গেলে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে পারলেও এ নির্বাচনের বৈধতা নিয়ে সমস্যায় পড়তে পারেন তিনি।
আগামী ৬ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জেনারেল মুশাররফ বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেন। 'জাতীয় পরিষদ' (ন্যাশনাল পার্লামেন্ট) এবং চারটি 'প্রাদেশিক পরিষদে' (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি) ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন।
জেনারেল মুশাররফ ছাড়াও আরও প্রায় ৪০ ব্যক্তি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এদের মধ্যে কেউই মুশাররফের জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠার মতো নন।
অন্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ওয়াজিহুদ্দিন আহমেদ এবং বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির এক সাবেক শীর্ষ নেতা মাখদুম আমিন ফহিম।
শুক্রবার সকালে ওয়াজিহুদ্দিন আহমেদ সুপ্রিম কোর্টে এক আবেদনের মাধ্যমে নির্বাচন কমিশনের মুশাররফের মনোনয়নপত্র গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করেন। তার আবেদনে অন্যান্য বিষয়ের মধ্যে ছিল মুশাররফের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিল নির্বাচনে অংশগ্রহণের একটি আবশ্যিক শর্ত হলেও তা জমা দিতে ব্যর্থ হয়েছেন জেনারেল মুশাররফ।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুশাররফ পাকিস্তানের ক্ষমতা দখল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১৭২৫ ঘ.
bdnews24