আঙ্কারা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় কুর্দি বিদ্রোহিদের দমনে সহযোগিতার লক্ষ্যে শুক্রবার সন্ত্রাস বিরোধী চুক্তিতে সই করেছে ইরাক ও তুরস্ক। তবে এ চুক্তিতে তুর্কি সেনাদের ইরাক সীমান্তে জঙ্গিবিরোধী অভিযান চালানোর অধিকার দেওয়া হয়নি।
চুক্তি অনুযায়ী, দু'দেশ কুর্দি পিকেকে গেরিলা ও অন্যান্য জঙ্গি গ্র"পগুলোকে মোকাবিলায় একযোগে কাজ করবে। এ লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানসহ সম্ভাব্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে দু'দেশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বাশির আতালে বলেন, "সীমান্তে নিরাপত্তা সহযোগিত উন্নতির বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছতে পারিনি। তবে এ ক্ষেত্রে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।"
অন্যদিকে, ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী জওয়াদ আল-বোলানি বলেন, "এই চুক্তি ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি বাস্তবায়নে তার সরকার সক্ষমতা অনুযয়ী সবকিছু করবে।"
চুক্তির খসড়া কপিতে তুরস্ক দাবি করেছিল ইরাকের অভ্যন্তরে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান চালানোর অধিকার দিতে হবে তুর্কি বাহিনীকে।
পিকেকে গেরিলাদের সামলাতে ব্যর্থতার জন্য তুরস্ক বরাবরই বাগদাদ সরকার এবং মার্কিন দখলদার বাহিনীকে দোষারোপ করে আসছে। সেকারণে পিকেকে গেরিলাদের দমনে আন্তর্জাতিক আইনের আওতায় ইরাকের পার্বত্য সীমান্তে সেনা পাঠানোর অধিকারও দাবি করে আসছে তুরস্ক।
কিন্তু এ ব্যাপারে বাগদাদ সরকারের পক্ষ থেকে তুরস্ককে কোনোরকম ছাড় দেওয়ার বিরোধিতা করে আসছে ইরাকের কুর্দিরা।
তুরস্ক দাবি করে, পিকেকে গেরিলাদের হামলায় ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ মারা গেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় একটি কুর্দি ভূখণ্ড প্রতিষ্ঠার দাবিতে ১৯৮৪ সাল থেকে পিকেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
আঙ্কারার অভিযোগ, প্রায় তিন হাজার পিকেকে গেরিলা ইরাকের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে আছে। তারা সেখান থেকে সীমান্ত পার হয়ে তুরস্কের বেসামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৯৪৫ঘ.
bdnews24