ব্যাংকক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে সহিংসতা শুরুর আশঙ্কায় সেখান থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে থাইল্যান্ড। এজন্য থাই বিমানবাহিনীর তিনটি কার্গো বিমান প্রস্তুত রাখা হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
তারা জানান, সেনা নিপীড়ন থেকে বাঁচার জন্য লোকজন পালাতে শুরু করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য থাই-মিয়ানমার সীমান্তে নিরাপত্তারক্ষীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেমনটি ঘটেছিল ১৯৮৮ সালে। ওই সময় মিয়ানমারে অভ্যুত্থান দমন করতে সেনাবাহিনী প্রায় তিন হাজার লোককে হত্যার পর লোকজন পালাতে শুরু করে।
১৯৮৮ সালের পর মিয়ানমারে এখন সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক ধর-পাকড়। এমন অবস্থায় মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে অবস্থানরত দুইশ' থাই নাগরিককে থাই দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে বলা হয়েছে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থারিত জারুংভাত বলেন, "পরিস্থিতি এখনও তাদের সরিয়ে আনার মতো নয়। তবে সেরকম পরিস্থিতি তৈরি হলে তাদের সরিয়ে আনার জন্য যোগাযোগ কেন্দ্রগুলোতে সাক্ষাৎ করার জন্য গ্র"প নেতাদের কাছে বার্তা পাঠানো হবে।"
১৯৮৮ সালের অভ্যুত্থানের পর সবচেয়ে বড় বিক্ষোভের সম্মুখীন মিয়ানমারের জান্তা সরকার স্বীকার করেছে, বুধবার সেনাবাহিনী জনতার ওপর সতর্কতা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে একজন নিহত এবং অপর তিনজন আহত হয়।
যদিও সরকারবিরোধী আন্দোলনকারী বৌদ্ধভিক্ষু ও নেতারা বলছেন, ক্রমবর্ধমান দারিদ্র এবং ৪৫ বছরের সামরিক শাসনের বিরুদ্ধে মাসব্যাপী চলা বিক্ষোভের সবচেয়ে বড় সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে সেনাবাহিনী ও দাঙ্গা পুলিশ কমপক্ষে পাঁচজন বৌদ্ধভিক্ষুকে হত্যা করেছে।
গত বছর এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুতকারী থাই জেনারেলরা জানিয়েছেন, মিয়ানমারে সহিংসতা শুরু হলে সেখান থেকে থাই নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা সি-১৩০ কার্গো বিমানগুলো পাঠানোর জন্য প্রস্তুত রয়েছেন।
মিয়ানমারের অচলবস্থার জন্য থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বুনরাদ সোমতাস বৃহস্পতিবার মিয়ানমারের জেনারেলদের সঙ্গে সাক্ষাতের জন্য তার দুই দিনের নির্ধারিত সফর বাতিল করেছেন।
এদিকে, বার্মিজ ভাষার বিদেশি বেতার কেন্দ্রগুলো থেকে বৌদ্ধভিক্ষুরা মিয়ানমারের আন্দোলনরত বৌদ্ধভিক্ষুদেরকে বশ্যতা স্বীকার না করার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে মিয়ানমারে আরও বেশি সহিংসতা অবশ্যম্ভাবী বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির বার্মিজ ভাষার সার্ভিসে এক ভিক্ষু বলেন, "আমরা ছাত্র ভিক্ষুদের আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৭ঘ.
bdnews24