২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে সেতু ধসে ৬০ শ্রমিক নিহত

বুধবার দক্ষিণ ভিয়েতনামে নির্মাণাধীন একটি সেতুর একটি অংশ ধসে কমপক্ষে ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত এবং নিখোঁজ হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

হ্যানয়, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুধবার দক্ষিণ ভিয়েতনামে নির্মাণাধীন একটি সেতুর একটি অংশ ধসে কমপক্ষে ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত এবং নিখোঁজ হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাষ্ট্র পরিচালিত ভিয়েতনাম টিভি কান থো সিটি এবং ভিন লং প্রদেশের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে হাউ নদীর উপর কংক্রিট ও স্টিল অবকাঠামো দিয়ে নির্মাণাধীন বিধ্বস্ত সেতুটির ভিডিও ফুটেজ দেখিয়েছে। একইসঙ্গে তারা জানিয়েছে, ধ্বংসস্তুপের নীচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। সেতুটির নির্মাণকাজে জড়িত প্রতিষ্ঠানগুলোর অন্যতম 'চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন'। চীনা এ প্রতিষ্ঠানের একজন ঠিকাদার টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন যে মেকং ডেল্টার দুর্ঘটনায় ৬০ জন মারা গেছে। ভিয়েতনামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হো চি মিন সিটি'র ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কান থো শহর থেকে ওই ঠিকাদার বলেন, "ধ্বংসস্তুপ থেকে এখনও তারা লাশ টেনে বের করছেন। আমি আর্তনাদ শুনতে পাচ্ছি।" ভিন লংয়ের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ৩৬টি লাশ দেখেছেন। টেলিফোনে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "কংক্রিট কাটা ও সরানোর জন্য তারা মেশিন ব্যবহার করছে। আটকে পড়াদের কাছে পৌঁছানো খুবই কষ্টকর। তাছাড়া আরও ধসের ঝুঁকি রয়েছে।" ২ দশমিক ৭৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির অংশবিশেষ ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভিয়েতনাম টিভি জানিয়েছে, বৃষ্টির কারণে হয়তো সেতুটির ভিত্তি দূর্বল হয়ে পড়েছিল। রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র 'তুওয়ি ত্রি' তাদের অনলাইন সংস্করণে কান থো এবং ভিন লংয়ের তিনটি হাসপাতালে নিহত ২৮ জনের নাম প্রকাশ করেছে। পত্রিকাটি জানিয়েছে, কমপক্ষে দেড়শ' জন আহত শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্মাণাধীন সেতুটির অধিকাংশ শ্রমিকই ভিয়েতনামী। তবে ওই ঠিকাদার জানিয়েছেন, ১০ জনের মতো ফিলিপিনো এবং জাপানির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, একটি নতুন শিফটের শুরুতে স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে সেতুটির অংশবিশেষ ধসে পড়ে। তখন ওই অংশের নীচে প্রায় একশ' শ্রমিক ছিল। কান থো পুলিশের একজন কর্মকর্তা জানান, সে সময় সেতুটির উপরে দেড়শ' শ্রমিক ছিল। টেলিফোনে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "হতাহতদের সংখ্যা এখনও বাড়ছে। তবে আনুমানিক একশ' জন নিহত বা নিখোঁজ হতে পারেন।" জাপান সরকারের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়ে জাপানি প্রতিষ্ঠানগুলো ২০০৪ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু করে। আগামী বছর এটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনটি জাপানি ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় আড়াইশ' ইঞ্জিনিয়ার ও শ্রমিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০৭ঘ.