জেরুজালেম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী সপ্তাহে ইসরায়েল ৮৭ ফিলিস্তিন বন্দিকে মুক্তি দিচ্ছে। ইসরায়েল কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, নভেম্বরে মধ্যপ্রাচ্য সম্মেলনের আগে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে উৎসাহ দিতে তারা বন্দিদের মুক্তি দিচ্ছন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মন্ত্রিসভা গত রোববার বন্দি মুক্তির বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। মন্ত্রী পরিষদের অন্য একটি কমিটি মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা চূড়ান্ত করবে। কারা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে।
আশা করা হচ্ছিল এ সপ্তাহে বন্দিরা মুক্তি পাবেন। কিন্তু এ সংক্রান্ত কাজের প্রস্তুতি সম্পন্ন হতে আগামী বুধবার পর্যন্ত লেগে যেতে পারে। তার পরই বন্দিদের মুক্তি দেওয়া হবে।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ফিলিস্তিন বন্দিদের মুক্তি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের প্রস্তাব আরো দুসপ্তাহ আগে কার্যকর হওয়ার কথা ছিল । কিন্তু গাজা উপত্যকায় সিরিজ রকেট হামলার কারণে তা পিছিয়ে যায়।
ইসরায়েল সরকার কমপক্ষে ১০০ বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সংখ্যা কমানোর বিষয়ে তারা জানিয়েছে, যে শর্তে ওপর ভিত্তি করে মুক্তি দেওয়া হচ্ছে অন্যরা সে শর্ত পূরণ করতে পারেনি।
ওলমার্ট বলে দিয়েছেন, যে সমস্ত বন্দি রক্তপাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলনা কেবল তাদের মুক্তি দেওয়া হবে।
বন্দি মুক্তির বিষয়টি ফিলিস্তিনের কাছে খুবই উৎসাহের । ইসরায়েলি কারাগারে এখনো প্রায় ১১ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০২ঘ.
bdnews24