বেইজিং, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউইয়র্ক টাইমসের চীনা সাংবাদিক ঝাও ইয়ান মুক্তি পেয়েছেন। তিন বছর সাজার মেয়াদ শেষ হওয়ায় শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে ঝাও ইয়ানকে ২০০৪ সালে আটক করা হয়। ২০০৬ সালের আগস্ট মাসে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
কারাফটকে ঝাওকে স্বাগত জানাতে আসেন তার পরিবারের সদস্য ও অল্প কয়েকজন বন্ধুবান্ধব। এদের মধ্যে তার মেয়ে ও বোন ছিল। কারগার থেকে বাহির হওয়ার পর ঝাওকে অনেক রোগা দেখাচ্ছিল।
মুক্তির পর এক বিবৃতিতে ঝাও বলেন, "এই তিন বছরে আমি আমার পরিবারের সদস্যদের আনেক মনে করেছি। বিশেষ করে আমার ১০০ বছরেরও বেশি বয়সী নানীকে।"
তিনি আরো বলেন, "অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার জন্য মনটা ছটফট করতো। কারাকক্ষে বসে বন্ধুবান্ধব ও সহকর্মীদের কথাও মনে পড়ত।"
'প্রেসিডেন্ট জিয়াং জেমিন সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়তে পারেন'- নিউ ইয়র্ক টাইসমসে ২০০৪ সালে এই প্রতিবেদন প্রকশের পর ঝাওকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়।
এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, জিয়াং জেমিন ও তার উত্তরসূরী হু জিনতাও এর মধ্যে দন্দ্ব ছিল এমন তথ্য তিনি পত্রিকাকে দিয়েছিলেন। যদিও প্রত্রিকাটি এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে ।
ঝাও মুক্তি পাওয়ার পর নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক বিল কেলার এক বিবৃতিতে বলেছেন, "আমরা সব সময় বলেছি ঝাও একজন সম্মানিত ও পরিশ্রমী সাংবাদিক। তার একমাত্র অপরাধ তিনি সাংবাদিকতা চর্চা করতে চেয়েছিলেন।"
রিপোটার্স উইদাউট বর্ডার জানায়, চীনে ৩৫ জন সাংবাদিক এবং অনলাইনে ভিন্নমত প্রকাশের দায়ে অভিযুক্ত ৫১ ব্যক্তিকে আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ-'তারা জানার এবং জানানোর অধিকার চর্চা করেন'।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৮৪০ ঘ.
bdnews24