২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের মাওবাদীদের শিবির ত্যাগে উদ্বিগ্ন জাতিসংঘ

নেপালে জাতিসংঘের তদারকিতে পরিচালিত শিবিরগুলো থেকে শ'শ' সাবেক মাওবাদী গেরিলাদের চলে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, এটি সরকারের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক শান্তি চুক্তির লঙ্ঘন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

কাঠমান্ডু, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে জাতিসংঘের তদারকিতে পরিচালিত শিবিরগুলো থেকে শ'শ' সাবেক মাওবাদী গেরিলাদের চলে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, এটি সরকারের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক শান্তি চুক্তির লঙ্ঘন। গত নভেম্বর মাসে সম্পাদিত এক শান্তি চুক্তির আওতায় ২৮টি শিবিরে প্রায় ৩১ হাজার সাবেক গেরিলার থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু জীবনমান ও সুযোগ-সুবিধার বিষয়ে অভিযোগ করে ইতিমধ্যেই সেসব শিবির থেকে শ'শ' গেরিলা চলে গেছে। গত শুক্রবার নেপালের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভূক্তির দাবি জানিয়ে দক্ষিণ-পশ্চিম নেপালের নাওয়ালপারাশির শিবিরগুলো থেকে অনেকেই বেরিয়ে আসেন। নেপালে জাতিসংঘ মিশন শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, "মাওবাদী এবং অন্তর্বর্তী সরকারে তাদের শরীকদের সঙ্গে অস্ত্র ও সশস্ত্র লোকদের ব্যবস্থাপনা নিয়ে সম্পাদিত চুক্তিতে যে অঙ্গীকারগুলো করা হয়েছে তার একটি গুরুতর লঙ্ঘন এটি।" এদিকে, মাওবাদীদের এক সিনিয়র কমান্ডার জনার্দন শর্মা বলেছেন, বিক্ষোভরত সাবেক গেরিলারা তাদের নাওয়ালপারাশির শিবিরগুলোয় ফিরে গেছে। নেপালের দশকব্যাপী গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার লক্ষে সম্পাদিত ওই চুক্তি অনুসারে প্রায় সাড়ে তিন হাজার অস্ত্র বাক্সবন্দি অবস্থায় জমা রেখেছে মাওবাদীরা। নেপালে দশকব্যাপী ওই গৃহযুদ্ধে ১৩ হাজারের বেশি লোক মারা গেছে। সরকারের কাছ থেকে পাওয়া তহবিল দিয়ে শিবিরগুলো পরিচালনা করছে মাওবাদী দল। তাছাড়া সাবেক যোদ্ধাদের ভাতাও দেওয়া হয় ওই তহবিল থেকে। কিন্তু অনেকেই অভিযোগ করেন যে ঠিকমতো ভাতা দেওয়া হচ্ছে না তাদের। নেপালের শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পোড়েল বলেন, "আমরা তাদের খাবার এবং আশ্রয় ও স্বাস্থ্য সেবার জন্য অর্থ দিয়েছি।" এদিকে, নেপালে একটি নতুন সরকার গঠনের জন্য আগামী নভেম্বরে জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সরকারের প্রধান দায়িত্ব হবে নেপালের জন্য একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়ন এবং রাজতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রসঙ্গত, নেপাল থেকে রাজতন্ত্রের বিলুপ্তির দাবি জানিয়ে আসছে মাওবাদীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬০১ ঘ.