ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ায় গত সপ্তাহে ইসরায়েলের বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা ওই হামলার কথা নিশ্চিত করে বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের জন্য প্রস্তুত রাখা অস্ত্র ভাণ্ডারকে হামলার লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল।
তবে ইসরায়েল সিরিয়ার পরমাণু প্রযুক্তি স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করেছিল বলে যে ধারণা করা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন এক মার্কিন কর্মকর্তা। অপর দুই কর্মকর্তা বলেছেন, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ওইসব অস্ত্র যেগুলো ইরান সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহ গেরিলাদের সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
হিজবুল্লাহ গেরিলাদের উদ্দেশ্যে রাখা অস্ত্র ভাণ্ডারের কথা উল্লেখ করে এক মার্কিন কর্মকর্তা বলেন, "তারা অস্ত্র আনা-নেওয়া করতে দেখেছেন।" প্রসঙ্গত, গত বছর ৩৬ দিন ধরে চলা সংঘর্ষে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছিল লেবাননের হিজবুল্লাহ গেরিলারা।
৬ সেপ্টেম্বরে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার বিষয়টি পরিষ্কার ছিল না। ইসরায়েল ওই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।। অন্যদিকে, সিরিয়া বলেছে, ইসরায়েলের ফেলা বোমায় কোনো ক্ষতি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ওইদিনের হামলায় ইসরায়েল লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে পেরেছে কিনা তা গুরুত্বপূর্ণ নয়। বরং তারা সামরিক পদক্ষেপ গ্রহণের যে ইচ্ছা দেখিয়েছে সেটি গুরুত্বপূর্ণ।
এদিকে, ইসরায়েলের ওই হামলার জন্য বুধবার জাতিসংঘের কাছে প্রতিবাদ জানিয়েছে সিরিয়া। জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি বলেন, "আমরা মনে করি ওই ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল শান্তি প্রক্রিয়া নষ্ট করা।"
হিজবুল্লাহর অস্ত্র সম্পর্কে প্রশ্ন করা হলে জাফারি সাংবাদিকদের বলেন, "এসব অর্থহীন কথাবার্তা। এসব বাজে কথা। এটা একটা অপ্রতিষ্ঠিত বিবৃতি। সিরিয়ায় আমাদের কী আছে তা দেখা- শোনা করার কথা নয় ইসরায়েল বা অন্য কারোর।
তিনি আরও বলেন, ইসরায়েলের বিমান হামলার কোনো লক্ষ্য ছিল না। তারা বোমা নিক্ষেপ করে। পরে আমাদের বিমানবাহিনী তাদের পাল্টা ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২২ঘ.
bdnews24