ইসলামাবাদ, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে চ্যালেঞ্জ জানাতে ১০ সেপ্টেম্বরেই দেশে ফিরছেন সাবেক পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশে না ফেরার সৌদি আরবের অনুরোধও নওয়াজ প্রত্যাখ্যান করেছেন। সৌদি সরকারের এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তা মঙ্গলবার তাকে ওই অনুরোধ জানিয়েছিলেন। লন্ডনে নওয়াজের দলের এক মুখপাত্র বুধবার একথা জানান।
১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শরীফ সরকারকে উৎখাত করেন মুশাররফ। এরপরের বছর দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দিয়ে শরীফকে সৌদি আরবে নির্বাসনে পাঠান মুশাররফ।
গত মাসে পাকিস্তান সুপ্রীম কোর্ট শরীফের দেশে ফেরার অধিকারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু মুশাররফ সরকার বলছে, সৌদি নেতাদের সঙ্গে করা একটি চুক্তি অনুযায়ী, শরীফকে ১০ বছর রাজনীতি থেকে দূরে থাকতে প্রতিশ্র"তিবদ্ধ।
অজ্ঞাতপরিচয় ওই সৌদি কর্মকর্তা মঙ্গলবার শরীফকে এই চুক্তির প্রতিশ্র"তি রক্ষা করার পরামর্শ দিয়ে তাকে এখনই দেশে না ফেরার অনুরোধ জানান। ওয়েবসাইটে প্রকাশিত সরকারি সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে সৌদি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, "শরীফ যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তা রক্ষা করাটাই যুক্তিযুক্ত।"
পাকিস্তানে এখনও দুর্নীতির অভিযোগে শরীফের বিরুদ্ধে মামলা ঝুলে রয়েছে। কিন্তু শরীফের দলের এক মুখপাত্র বলেছেন, "পাকিস্তানে দু মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফ তার পরিকল্পনায় অটল। তিনি সৌদি আরবকে পাকিস্তানের
রাজনীতিতে টেনে আনার জন্য মুশাররফের সমালোচনাও করেছেন।"
মুখপাত্র আহসান ইকবাল আরও জানান, শরীফ ১০ সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং তার এই সিদ্ধান্তই চূড়ান্ত। পাকিস্তান সুপ্রীম কোর্টের রায়ের ভিত্তিতেই তিনি দেশে ফিরছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০২ঘ.
bdnews24