লন্ডন, সেপ্টেম্বর, ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে'র প্রতিশ্র"তি পূরণে পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রতারণা করছেন। তিনি কাজ করছেন একরকম, মুখে বলছেন অন্যরকম। লন্ডনে নির্বাসিত সাবেক পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার এ অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি পুনরায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন।
মুশাররফকে চ্যালেঞ্জ জানাতে গ্রেফতার হওয়ার হুমকি উপেক্ষা করে আগামী সপ্তাহেই দেশে ফেরার পরিকল্পনা করেছেন শরীফ।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী থাকাকালে সবার সঙ্গেই সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানাই। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।"
তিনি আরও বলেন, "মুশাররফ তলে তলে একরকম কাজ করছেন আর বহির্বিশ্বকে আরেকরকম কথা বলছেন। এভাবেই তিনি তাদের সঙ্গে প্রতারণা করছেন।"
কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইসলামিক দলগুলোর প্রতি শরীফের সহমর্মিতার কারণে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তাকেই বেশি সন্দেহ করে।
৫৭ বছর বয়স্ক শরীফ ১৯৯০ সালে দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মুশাররফ ক্ষমতা দখল করে শরীফকে নির্বাসনে পাঠান।
গত মাসে শরীফের পাকিস্তান মুসলিম লীগ রক্ষণশীল ধর্মীয় দলগুলোকে সঙ্গে নিয়ে 'সর্বদলীয় গণতান্ত্রিক আন্দোলন' গড়েছে। তবে পুনরায় নির্বাচিত হলে দেশে শরিয়া আইন চালু করবেন না বলে জানিয়েছেন শরীফ। যদিও আগে ক্ষমতায় থাকাকালে তিনি তা করতে চেয়েছিলেন।
শরীফ বলেন, "দেশকে সঠিক পথে পরিচালনা করতে আজ নানা বিষয়কেই প্রধান্য দেওয়ার আছে। আর তা হচ্ছে গণতন্ত্র এবং সন্ত্রাস ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৯ঘ.
bdnews24