২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে কংগ্রেসকে বুশের আহ্বান

ইরাকের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বহু প্রতীক্ষিত মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগে ইরাক যুদ্ধ সম্পর্কে কোনো প্রকার মন্তব্য না করার জন্য শুক্রবার কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করার বিষয়ে বিরোধী ডেমোক্রেটসহ নিজের রিপাবলিকান দলের কাছ থেকেও চাপের মুখে আছেন বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 08:57 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বহু প্রতীক্ষিত মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগে ইরাক যুদ্ধ সম্পর্কে কোনো প্রকার মন্তব্য না করার জন্য শুক্রবার কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করার বিষয়ে বিরোধী ডেমোক্রেটসহ নিজের রিপাবলিকান দলের কাছ থেকেও চাপের মুখে আছেন বুশ। পেন্টাগনে সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর এক বিবৃতিতে বুশ বলেন, "ইরাকে ঝুঁকি অনেক বেশি হওয়ায় তার পরিণতি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেও হুমকির মধ্যে ফেলতে পারে। আর তাই আমাদের সামরিক মিশনকে ক্ষতি করতে পারে এমন রাজনীতি করতে দেওয়া উচিৎ হবে না।" বুশ বলেন, "আমাদের নতুন কৌশল পুরোপুরি কার্যকর হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে আসছে বর্তমান পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদনটি। যাতে মূল্যায়ন করা হবে সেখানে কি কি ভাল চলছে এবং আগামী মাসগুলোতে কোন কোনে বিষয়ে অগ্রগতি ও কি কি সামঞ্জস্য করা যেতে পারে।" তিনি বলেন, "কংগ্রেস এ প্রতিবেদনটি চেয়েছে এবং কংগ্রেস সদস্যদের উচিত হবে এটা শোনার আগ পর্যন্ত মন্তব্য করা থেকে বিরত থাকা।" মার্কিন কংগ্রেসে সেপ্টেম্বর মাসে আলোচনার কেন্দ্রে থাকবে এ বছরে ইরাকে অতিরিক্ত সেনা পাঠানো সংক্রান্ত বুশের কৌশলের সাফল্য ব্যর্থতার হিসেব নিকেশ। রাজধানী বাগদাদ ও আনবার প্রদেশের সহিংসতা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য ওই সেনা পাঠানো হয়েছিল। ইরাক যুদ্ধ সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন এ মাসে কংগ্রেসে জমা পড়ার কথা। প্রতিবেদনগুলোর ওপর শুনানিও হতে পারে কংগ্রেসে। গ্রীষ্মের দীর্ঘ ছুটি কাটানো মার্কিন আইনপ্রণেতারা সেজন্য অপেক্ষায় আছেন। প্রতিবেদন ও শুনানিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ও মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের একটি প্রতিবেদন। আগামী ১০ই সেপ্টেম্বর এ প্রতিবেদনটি কংগ্রেসে জমা দেওয়ার কথা তাদের। সে সময় হাউজ আর্মড সার্ভিসেস ও ফরেন এ্যাফেয়ার্স কমিটিগুলোর এক যৌথ শুনানির সম্মুখীন হবেন তারা। এছাড়া ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতির বিষয়ে আগামী ১৫ সেপ্টেম্বরর মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা হোয়াইট হাউজের। ওই প্রতিবেদনের ওপর যুক্তরাষ্ট্রের ইরাক নীতিতে পরিবর্তন আনার বিষয়টি অনেকাংশে নির্ভর করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৪৫ ঘ.