কলম্বো, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এইডস্ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের শেষ দিনে বিশেষজ্ঞরা এইচআইভি/এইডসের মূল কারণ দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য ও প্রান্তিকীকরণ মোকাবেলার মাধ্যমে এশিয়ার দেশগুলোকে এ ঘাতকব্যাধির ব্যাপকতা কমানোর ব্যাপারে জোরালো উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।
শ্রীলংকার রাজধানী কলম্বোয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইডস্ বিষয়ক অষ্টম আন্তর্জাতিক কংগ্রেসে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মানব পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করা, ইনজেকশনের মাধ্যমে মাদক ব্যবহার এবং হানাহানি এশিয়ায় ব্যাপকভাবে এইডস সংক্রমণ ঘটিয়ে চলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সামলি প্লিয়ানবানচ্যাং বলেন, "এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডস মহামারী রোধে আমাদের অঙ্গীকার আবার খতিয়ে দেখা এবং কার্যকর করার সুযোগ এসেছে।"
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৫৪ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। এ সংখ্যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। অন্য দিকে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক ২ কোটি ৫৮ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত।
বিশেষজ্ঞেরা বলেন, এ অঞ্চলে পাচার হওয়া নারী ও শিশু, মাদক ব্যবহারকারী এবং যৌনকর্মীদের মত অসহায়দের নিরাপত্তা অধিকারগুলো প্রতিরোধ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া জরুরি।
সম্মেলনের সভাপতি শ্রীলংকার বিশেষজ্ঞ ড. এ এইচ শেরিফডিন বলেন, "সরকারগুলোর উচিত নারী অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং তাদের দাবির প্রতি মনযোগ দেওয়া। মাদক ব্যবহারকে অপরাধ হিসাবে না দেখে জনস্বাস্থ্য ইস্যু হিসাবে দেখা উচিত।"
এর আগে বুধবার জাতিসংঘ বলেছে, এশিয়ায় প্রতি বছর প্রায় তিন লাখ নারী ও শিশু পাচার হচ্ছে যা এইচআইভি/এইডস ছড়াতে ভূমিকা রাখছে। পাচারকৃত নারীদের অনেককেই পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে। বিশ্বসংস্থা এ অঞ্চল থেকে মানব পাচার রোধের মূল কারণগুলো মোকাবেলা করারও আহ্বান জানায়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এইচআইভি/এইডস বিষয়ক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী কেইটলিন উইসেন-এন্টিন বলেন, "দারিদ্র, লিঙ্গ বৈষম্য ও অধিকারের ভারসাম্যহীনতার জন্য পাচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে নারী ও শিশু।"
তিনি বলেন, "মানব পাচার এবং এইচআইভি উভয়েই মানবজাতির উন্নয়ন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।"
মানব পাচার ও এইচআইভি বিষয়ক ইউএনডিপির একটি প্রতিবেদনে তিনি বলেন, "পাচার ব্যক্তির সংক্রমিত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এ বিষয়টিও এইচআইভি ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে ।" প্রতিবেদনে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/ ১৯৩৮ ঘ.
bdnews24