ওয়াশিংটন, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদ শেষ হওয়ার আগেই হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো চাকরি ছাড়ার পরিকল্পনা করছেন। আরোগ্য লাভের জন্য নয় বরং আর্থিক কারণেই আগেভাগে হোয়াইট হাউস ছাড়ার চিন্তা ভাবনা করছেন বলে তিনি জানিয়েছেন।
স্নো মলাশয়ের ক্যান্সারে ভুগছেন। অন্যদিকে বুশের মেয়াদ শেষ হবে ২০০৯ সালের জানুয়ারিতে।
এ সপ্তাহে একটি রেডিওর সঙ্গে দেওয়া সাক্ষাতকারে তিনি চাকরি ছাড়ার পরিকল্পনার কথা জানান। যদিও ৫২ বছর বয়স্ক স্নো ঠিক কবে নাগাদ হোয়াইট হাউস থেকে পদত্যাগ করবেন সে সম্পর্কে কিছু জানাননি।
এ বছরের প্রথম দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি কেমোথেরাপি নিচ্ছেন।
রক্ষণশীল বেতার অনুষ্ঠান "দ্য হাগ হিউইট শো'কে স্নো বলেন, "আমি ইতিমধ্যে এটা পরিষ্কার করেছি যে এ বিষয়ে এখনই আমি বেশি কিছু বলতে পারছি না। তবে এর প্রাথমিক কারণ আর্থিক।"
তিনি বলেন, "দেশবাসীকে আমি বলেছি যখন আমার অর্থ ফুরিয়ে যায়, তখন আমাকে চলে যেতে হয়।"
বুশ প্রশাসনের মুখপাত্র হিসাবে স্নো গত বছর যোগ দেন।
মার্চ মাসে তিনি জানতে পারেন যে তার মলাশয়ের ক্যান্সার সারেনি। তাছাড়া তার লিভারেও একটি টিউমার ধরা পড়েছে। সেই থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।
হোয়াইট হাউস থেকে স্নো পদত্যাগ করলে বুশ প্রশাসনের জন্য সেটা হবে আরেকটি তাৎপর্যপূর্ণ বিদায়। কেননা, বুশের প্রধান রাজনৈতিক উপদেষ্টা কার্ল রোভও আগস্টের শেষ নাগাদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/ ১৭৩৫ ঘ.
bdnews24