বৈরুত, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে আবার যুদ্ধ বাধানোর ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ। বুধবার হিজবুল্লাহ-লেবানন যুদ্ধের প্রথম বার্ষিকীতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আরেক বার মুখোমুখি হলে ইসরায়েলকে 'বড় ধরনের চমক' দেখানো হবে।
তবে তিনি বলেন, তার দল সংঘাত চায় না। কিন্তু সব সময় তৈরি থাকা তাদের দায়িত্ব। তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 'যুদ্ধের দামামা' বাজিয়ে চলেছে।
নাসরুল্লাহর ভাষণ টেলিভিশনে প্রচার করা হয়। বৈরুতে হাজার হাজার সমর্থক জড়ো হয় তার বক্তৃতা শোনার জন্য।
তিনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, "তোমরা ইহুদিরা যদি মনে করে থাকো লেবাননের ওপর আরেকটি যুদ্ধ চাপিয়ে দেবে। তাহলে জেনে রাখো গত যুদ্ধে যে ধরনের চমক তোমাদের দেখিয়েছি তার চেয়েও বড় ধরনের চমক দেখাব আমরা। সেই চমক বদলে দিতে পারে যুদ্ধ ও এ অঞ্চলের ভাগ্য।"
ভাষণের শুরুতেই তিনি বলেন, "ইহুদি এবং আমেরিকানরা যুদ্ধের পাঁয়তারা করছে।"
গত যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করে তিনি আরও বলেন, "আল্লাহ চান না আর একটি যুদ্ধ হোক। এর আগে আমি যেমন বলেছি তেমনি এখন আবার বলছি আমরা যুদ্ধ চাই না।"
ওই যুদ্ধে লেবাননের ১২০০ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের নিহত হয় ১৫৮ জন। যাদের অধিকাংশই সৈন্য।
লেবাননের শিয়া মুসলমানদের এ গ্র"পটি গত বছর ১২ জুলাই উত্তর ইসলায়েলে হামলা করে সে দেশের ২ সৈন্যকে ধরে নিয়ে এলে দু দেশের মধ্যে যুদ্ধ বেধে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24