নয়াদিল্লি, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিকে জাতীয় উন্নতির জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ অভিহিত করে পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। চুক্তির পক্ষে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন এ চুক্তি বিশ্বসভায় ভারতের মর্যাদা বাড়াবে। সোমবার প্রধানমন্ত্রীর ভাষণের আগে ওই চুক্তি বাতিলের দাবিতে পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। এদিকে, কংগ্রেসকে সমর্থন দেওয়া বামপন্থীরাসহ বিজেপি এ চুক্তির বিরোধিতা করায় মনমোহন সিংয়ের ক্ষমতাসীন কোয়ালিশন অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।
ভাষণে মনমোহন বলেন, গত মাসে চূড়ান্ত হওয়া চুক্তিটি "ভারতের জন্য মঙ্গলকর এবং বিশ্বের জন্যও মঙ্গলকর।"
সিং বলেন, "আমি বাড়িয়ে বলছি না কিংবা নিজেদের জন্য সাধুবাদ আদায়েরও চেষ্টা করছি না।"
তিনি বলেন, "আমি ইতিহাসকে বিচারের দায়িত্ব দিতে চাই। আমি চাই যে ভবিষ্যত মূল্যায়ন করুক যে আমরা এই চুক্তির মধ্য দিয়ে কি করতে পেরেছি।"
প্রধানমন্ত্রী বলেন,"বিশ্বসভায় ভারতের যোগ্য স্থান অর্জনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এটি।"
এর আগে সকালে পার্লামেন্টের অধিবেশন শুরুর পরপরই সমাজবাদী দলের নেতারা নিজেদের আসন ছেড়ে এসে স্পিকারের সামনে জড়ো হন এবং "পরমাণু চুক্তি বাতিল কর", "আমরা আমেরিকার পুতুল হতে চাই না" ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন। কিন্তু বিক্ষুব্ধ এমপিরা মনমোহন সিংয়ের ভাষণের আগ পর্যন্ত অধিবেশন মূলতবি রাখার জন্য চাপ সৃষ্টি করেন।
গত মাসে চূড়ান্ত হওয়া এ পরমাণু চুক্তির মাধ্যমে ৩০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু জ্বালানি এবং পরমাণু সরঞ্জামাদি কেনার সুযোগ পাবে ভারত। কিন্তু চুক্তিটিকে অসম এবং ভারতের পরমাণু সার্বভৌমত্বের বিরোধী আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে কংগ্রেস সরকারকে সমর্থন দেওয়া বামপন্থী জোট, প্রধান বিরোধী দল বিজেপিসহ অন্য কিছু দল।
অন্যদিকে, ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করায় এবং দুইবার পরমাণু পরীক্ষা চালানোর পরও দেশটির সঙ্গে এ চুক্তি করায় তীব্র সমালোচনার মুখে পড়ে বুশ প্রশাসন। চুক্তিটি স্বাক্ষরের আগে একে অবশ্যই কংগ্রেসের অনুমোদন লাভ করতে হবে এবং ৪৫ সদস্যের পরমাণু সরঞ্জাম সরবরাহকারী গ্র"পের ছাড়পত্র পেতে হবে।
পরমাণু চুক্তি নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ মোকাবেলায় এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে নিলেও ভারত - মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি থেকে সরে আসবেন না তিনি।
সিং বলেন, "এটি একটি সম্মানজনক চুক্তি এবং মন্ত্রিসভাও এটা অনুমোদন করেছে। এখন আর এ থেকে পিছু হটা যায় না।" ভারতের ইংরেজি ভাষার দৈনিক দি টেলিগ্রাফ - এ শনিবার প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
কয়েকবছর ধরে দীর্ঘ দর কষাকষির পর চূড়ান্ত হওয়া ভারত -মার্কিন পরমাণু চুক্তিটিকে অসম এবং অন্যায্য বলে তা প্রত্যাখ্যান করেছে বামপন্থীরা। বামপন্থী নেতারা বলছেন, চুক্তিটিতে ভারতের পরমাণু সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা হয়েছে এবং আমেরিকার আধিপত্যকে মেনে নেওয়া হয়েছে।
পরমাণু চুক্তির প্রশ্নে নেতৃস্থানীয় বামপন্থী নেতাদের সঙ্গে গত সপ্তাহের বৈঠকের কথা উল্লেখ করে মনমোহন সিং বলেন,"আমি তাদের বলেছি, এখন আর এ চুক্তি নিয়ে নতুন করে আলাপ-আলোচনা সম্ভব নয়।"
মনমোহন আরও বলেন, "এটি সম্মানজনক চুক্তি, মন্ত্রিসভাও এটা অনুমোদন করেছে। এখন আর পিছু হটা সম্ভব নয়। আমি তাদের বলেছি যে, তাদের যা ইচ্ছে তাই করতে। তারা যদি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে চায় তাহলে তাই হোক।"
ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন,"আমরা আমাদের স্বাধীনতার এক বিন্দুও বিসর্জন দিইনি। আমাদের সার্বভৈৗমত্বের এক বিন্দুও লঙ্ঘিত হয়নি।"
তিনি বলেন এ চুক্তির ফলে "জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত সুরক্ষার প্রশ্নে ভারতের উন্নয়নের সুযোগ বেড়েছে এবং এটা কোনোভাবেই নিজস্ব পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না।"
কিন্তু প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সিস্ট) এর শীর্ষস্থানীয় নেতা সীতারাম বেচুরি বলেছেন, "রাজনৈতিকভাবে প্রতিবাদ গণতন্ত্রে একটি স্বীকৃত অধিকার।"
ভারতের সবচেয়ে বড় বামপন্থী ব্লকের এ নেতা বলেন ,"আমরা এরপর কি করব তা নিয়ে আমার দল এবং অন্যরা খুব শিগগিরিই সিদ্ধান্ত নেবে।"
এদিকে, ঠিক একইরকম না হলেও কাছাকাছি অবস্থানে থেকে পরমাণু চুক্তির বিরোধিতা করছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
পরমাণু চুক্তিটি স্বাক্ষরের আগে পার্লামেন্টে এ ইসুতে ভোট গ্রহণের জন্য সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকার পরিপ্রেক্ষিতেই সোমবার পার্লামেন্টে এ ভাষণ দিলেন মনমোহন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১৮ঘ.
bdnews24