২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় কয়েক ঘন্টার মধ্যে ২ সাংবাদিক খুন

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শনিবার সোমালিয়ার দুজন শীর্ষস্থানীয় সাংবাদিককে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, হর্নআফ্রিক নামের একটি রেডিওর প্রতিষ্ঠাতা আলি ইমান শারমারিকে এবং ওই রেডিওর জনপ্রিয় সাংবাদিক মাহাদ আহমেদ এলমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 05:19 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

মোগাদিসু, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শনিবার সোমালিয়ার দুজন শীর্ষস্থানীয় সাংবাদিককে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, হর্নআফ্রিক নামের একটি রেডিওর প্রতিষ্ঠাতা আলি ইমান শারমারিকে এবং ওই রেডিওর জনপ্রিয় সাংবাদিক মাহাদ আহমেদ এলমি। সোমালিয়ার সাংবাদিক ইউনিয়ন এ হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। ন্যাশনাল ইউনিয়ন অফ সোমালি জার্নালিস্ট এক বিবৃতিতে বলেছে, "সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িতদের হত্যার ঘটনা একটি সংগঠিত মিশন। এর উদ্দেশ্য সাংবাদিকদের কণ্ঠরোধ করা।" মানবাধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বোর্ডার সাংবাদিকদের রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য মোগাদিসু সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দুর্বত্তরা প্রথম হত্যা করে জনপ্রিয় সাংবাদিক ও টকশো আয়োজক মাহাদ আহমেদকে। তার সহকর্মীরা জানান, সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে হর্নআফ্রিকার কার্যালয়ে তাকে খুব কাছ থেকে মাথায় ৪ রাউন্ড গুলি করে হত্যা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকর্মী বলেন, " মাহাদ যখন খুন হন তখন আমরা কার্যালয়ের বাইরে।" তিনি বলেন, "তারা (দুর্বত্তরা) মাহাদের মাথায় ৪ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।" পরে মাহাদের অন্তেষ্টি ক্রিয়া শেষ করে ফেরার পথে বিস্ফোরণে মারা যান হর্নআফ্রিকের প্রতিষ্ঠাতা এবং অন্যতম স্বত্বাধিকারী আলি ইনাম। এ ঘটনায় তার সঙ্গে গাড়িতে থাকা রয়টার্সের সাংবাদিক সাহাল আব্দুল্লা আহত হন। আব্দুল্লা বলেন, "আমরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছি। ধোঁয়ায় চারদিক ছিল আচ্ছন্ন। আলি ছিলেন সামনে। আর আমি তার পিছনে ডান দিকে বসা ছিলাম।" তিনি বলেন, "সোমালিয়ায় গণতন্ত্রকে উজ্জীবিত করার লক্ষ্যে এবং তার পক্ষে কথা বলার জন্য ইনাম কানাডা থেকে দেশে ফিরে এসেছেন। কিন্তু আজ তাকে জীবন দিয়ে এর দাম শোধ দিতে হল।" সাংবাদিক ইউনিয়ন বলেছে, তার গাড়ি লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়। ইউনিয়ন আরও জানায়, ২০০৭ সালে এ পর্যন্ত ৬ জন স্থানীয় সাংবাদিককে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩১৪ ঘ.