হায়দারাবাদ, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় উত্তেজনা সৃষ্টির অভিযোগে শনিবার বাংলাদেশের বিতর্কিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের কট্টরপন্থী মুসলিম নেতা আকবর উদ্দিন ওয়াইসি। হায়দরাবাদে মুসলিম কট্টরপন্থীরা তসলিমার ওপর চড়াও হওয়ার দু'দিন পর এ ঘটনা ঘটলো।
এদিকে পুলিশ জানায়, তসলিমার বিরুদ্ধে অভিযোগকারী রাজ্যসভার সদস্য আকবর উদ্দিনকে গ্রেপ্তারের ব্যাপারেও আদালতের অনুমতি চেয়েছে তারা। ওই ঘটনার পর তসলিমা নাসরিনকে হত্যা করা হতে পারে- এমন মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার হায়দরাবাদ প্রেসক্লাবে তসলিমা তার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে গেলে কট্টর ইসলামপন্থী অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের লোকজন তার ওপর হামলা চালায়।
হায়দরাবাদের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এন মধুসুদন রেড্ডি বলেন , "তসলিমা একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তার রচনা হায়দরাবাদ ও অন্যান্য অঞ্চলের ধার্মিক মুসলমানদের বরাবরই চটিয়েছে। সুতরাং উসকানিমূলক রচনার অভিযোগে আমরা তার বিরুদ্ধে একটি মামলা করেছি।"
হায়দরাবাদ পুলিশের প্রধান বলবিন্দর সিং জানান, তসলিমার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করা হবে কি-না সে ব্যাপারে পুলিশ এখনও সিদ্ধান্ত নেয়নি।
পুলিশ জানায়, তসলিমার বিরুদ্ধে মামলাকারী আকবর উদ্দিনকে ওয়াইসিকে গ্রেপ্তারের অনুমতির জন্যও আদালতে আবেদন করা হয়েছে। আবার হায়দরাবাদে এলে নাসরিনকে হত্যা করা হতে পারে -এমন হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ওয়াইসির বিরুদ্ধে।
একজন রাজ্যসভা সদস্যকে গ্রেপ্তারের ব্যাপারে আইনের বিধানের কথা উল্লেখ করে এক পুলিশ কর্মকর্তা বলেন, "তাকে গ্রেপ্তার করতে আমাদের আদালতের অনুমতি প্রয়োজন।"
ওয়াইসি বৃহস্পতিবারের হামলার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না । তবে তিনি পরে এই মন্তব্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/টিএইচ/এসকে/২২১৩ ঘ.
bdnews24