নয়াদিল্লি, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে নিলেও ভারত - মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি থেকে সরে আসবেন না তিনি। সিং বলেন, "এটি একটি সম্মানজনক চুক্তি এবং মন্ত্রিসভাও এটা অনুমোদন করেছে। এখন আর এ থেকে পিছু হটা যায় না।" ভারতের ইংরেজি ভাষার দৈনিক দি টেলিগ্রাফ - এ শনিবার প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
কয়েকবছর ধরে দীর্ঘ দর কষাকষির পর চূড়ান্ত হওয়া ভারত -মার্কিন পরমাণু চুক্তিটিকে অসম এবং অন্যায্য বলে তা প্রত্যাখ্যান করেছে বামপন্থীরা। বামপন্থী নেতারা বলছেন, চুক্তিটিতে ভারতের পরমাণু সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা হয়েছে এবং আমেরিকার আধিপত্যকে মেনে নেওয়া হয়েছে।
পরমাণু চুক্তির প্রশ্নে নেতৃস্থানীয় বামপন্থী নেতাদের সঙ্গে গত সপ্তাহের বৈঠকের কথা উল্লেখ করে মনমোহন সিং বলেন,"আমি তাদের বলেছি, এখন আর এ চুক্তি নিয়ে নতুন করে আলাপ-আলোচনা সম্ভব নয়।"
মনমোহন সিং বলেছেন, "এটি একটি সম্মানজনক চুক্তি, মন্ত্রিসভাও এটা অনুমোদন করেছে এখন আর এখান থেকে পিছু হটা সম্ভব নয়। আমি তাদের বলেছি যে, তাদের যা ইচ্ছে তাই করতে। তারা যদি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে চায় তাহলে তাই হোক।"
ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন,"আমরা আমাদের স্বাধীনতার এক বিন্দুও বিসর্জন দিইনি। আমাদের সার্বভৈৗমত্বের এক বিন্দুও লঙ্ঘিত হয়নি।"
তিনি বলেন এ চুক্তির ফলে "জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত সুরক্ষার প্রশ্নে ভারতের উন্নয়নের সুযোগ বেড়েছে এবং এটা কোনোভাবেই নিজস্ব পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না।"
কিন্তু প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সিস্ট) এর শীর্ষস্থানীয় নেতা সীতারাম বেচুরি বলেছেন,"রাজনৈতিকভাবে প্রতিবাদ গণতন্ত্রে একটি স্বীকৃত অধিকার।"
ভারতের সবচেয়ে বড় বামপন্থী ব্লকের এ নেতা বলেন ,"আমরা এরপর কি করবো তা নিয়ে আমার দল এবং অন্যরা খুব শিগগিরিই সিদ্ধান্ত নেবে।"
এদিকে, ঠিক একইরকম না হলেও কাছাকাছি অবস্থানে থেকে এ পরমাণু চুক্তির বিরোধিতা করছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
পরমাণু চুক্তিটি স্বাক্ষরের আগে পার্লামেন্টে এ ইসুতে ভোট গ্রহণের জন্য সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকায় সোমবার এ বিষয়ে পার্লামেন্টে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
পরমাণু চুক্তিটিকে এ বছরই যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনুমোদনর লাভ করতে হবে এবং এরপর ৪৫ সদস্যের পরমাণু সরঞ্জামাদি সরবরাহকারী জোটের অনুমোদন পেতে হবে।
চুক্তিটি বাস্তবায়ন হলে ভারতের সঙ্গে তিরিশ বছর পর আবারও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা শুরু হবে। ১৯৭৪ সালে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা চালানোর পর ওই সহযোগিতা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর ১৯৯৮ সালে আবারও পরমাণু পরীক্ষা চালায় দেশটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24