২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জিম্মি সঙ্কটে পাকিস্তানি তালেবানদের হাত আছে'

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে আটক ২৩ দক্ষিণ কোরীয় জিম্মির ঘটনায় । পাকিস্তানি তালেবানদের দায়ী করেছেন গজনী প্রদেশের গভর্নর মেরাজুদ্দিন পাঠান। শনিবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জিম্মি সঙ্কটে পাকিস্তানি তালেবানদের হাত আছে বলে অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

গজনী, আফগানিস্তান, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে আটক ২৩ দক্ষিণ কোরীয় জিম্মির ঘটনায় পাকিস্তানি তালেবানদের দায়ী করেছেন গজনী প্রদেশের গভর্নর মেরাজুদ্দিন পাঠান। শনিবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জিম্মি সঙ্কটে পাকিস্তানি তালেবানদের হাত আছে বলে অভিযোগ করেন। মেরাজুদ্দিন বলেন, "শুরুতে এ ঘটনার নেপথ্যে ছিল স্থানীয় তালেবানরা। কিন্তু কয়েকদিন পরই পাকিস্তানি তালেবান ও আইএসআই কর্মকর্তারা তালেবানদের ছদ্মবেশে ওই এলাকায় পৌঁছে ঘটনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।" উল্লেখ্য, আফগান কর্মকর্তারা বরাবরই পাকিস্তানের গোয়েন্দাদের বিরুদ্ধে তালেবানদের গোপনে সহায়তা করা এবং আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে পাকিস্তান জোরালোভাবে এ সমস্ত অভিযোগ নাকচ করেছে। জিম্মি সঙ্কটে পাকিস্তানি তালেবানদের জড়িত থাকার মেরাজুদ্দিনের এই অভিযোগের ব্যাপারে পাক-কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মেরাজুদ্দিনের এই মন্তব্যে দুদেশের সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জিম্মি উদ্ধারে কাবুল থেকে পাঠানো দলের সঙ্গে তালেবানদের আলোচনা প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছেন মেরাজুদ্দিন। তিনি জানান, ফোনে আলাপকালে তিনি অপহরণকারীদের একজনকে পশতু ভাষা (জাতিগত পশতুন তালেবানরা এ ভাষায় কথা বলে) থেকে পাকিস্তানের জাতীয় ভাষা উর্দুতে অনুবাদ করে পড়তে শুনেছেন। তালেবানদের সঙ্গে কথা বলতে দক্ষিণ কোরিঢার প্রতিনিধিদল আফগানিস্তানে পৌঁছার পর থেকে তালেবানরা আর জিম্মি হত্যার কোনো নতুন সময়সীমা দিচ্ছে না। মেরাজুদ্দিন বলেন, "আমি কোরিয়ার কূটনীতিকদের বলেছি, আপনারা অবিলম্বে এই সমস্যার সমাধান চাইলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়কে চাপ দিন। তারা আইএসআই কে এ ব্যাপারে চাপ দেবে।" পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে এ সপ্তাহে জিম্মি সঙ্কট অবসানে সাহায্য করার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মুশাররফের এক মুখপাত্র ওই সময় বানকে জানান যে, তালেবানদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। কোনো যোগযোগও নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ঘ.