ইসলামাবাদ, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-মার্কিন বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির সমালোচনা করে একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাশাপাশি আঞ্চলিক ভারসাম্য রক্ষার খাতিরে পাকিস্তনেও বেসামরিক পরমাণু জ্বালানি সহযোগিতা নিশ্চিত করা উচিত বলে ইসলামাবাদ মন্তব্য করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বোর্ড 'ন্যাশনাল কমান্ড অথরিটি' (এনসিএ)'র বৈঠক শেষে এক সেনা বিবৃতিতে একথা বলা হয়।
ভারত ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এখনও চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা পরমাণু চুক্তিটির বদৌলতে ভারত গত ৩০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি পেতে যাচ্ছে। কিন্তু ভারতের সঙ্গে এ চুক্তি করলেও যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের এই পক্ষপাতিত্বের সমালোচনা করে এনসিএ'র সেনা বিবৃতিতে বলা হয়, "এ অঞ্চলের কৌশলগত স্থিতিশীলতায় ভারত-মার্কিন পরমাণু চুক্তির প্রভাব পড়বে।"
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের নেতৃত্বাধীন এনসিএ'র ওই বৈঠকের বিবৃতিতে আরও বলা হয়, " যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং ভারত দুপক্ষের জন্যই কোনো প্যাকেজ চুক্তির কথা বিবেচনা করলে দক্ষিণ-এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার লক্ষ্য অর্জন এবং বিশ্বে অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টা ভালোভাবে চালিয়ে যেতে পারবে।"
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বৈরি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিবার যুদ্ধে জড়িয়েছে। এর দুটি যুদ্ধই হয়েছে কাশ্মির নিয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২০ঘ.
bdnews24