ম্যানিলা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের সামরিক জান্তাসহ আসিয়ানভুক্ত সরকারগুলোর উচিত একটি আঞ্চলিক মানবাধিকার কমিশন গঠনের আগে যার যার দেশে কমিশন গঠন করা। মঙ্গলবার ম্যানিলায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইদ হামিদ আলবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "দেশের বাইরে বৃহত্তর পরিসরে মানবাধিকার কমিশন গঠনের ব্যাপারে কথা বলার আগে জোটভুক্ত দেশগুলোর উচিত নিজেদের দেশে ওই কমিশন গঠন করা।"
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আঞ্চলিক মানবাধিকার কমিশন গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হওয়ার একদিন পর সাইদ হামিদ আলবার এ কথা বললেন।
আসিয়ানভুক্ত দেশগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা বলেছে, শুধু জোটের প্রস্তাবিত সনদের প্রথম খসড়ায় এ সংক্রান্ত ধারা সংযোজন করা উচিত বলে তারা কমিশন গঠনের ব্যাপারে সম্মত হয়েছে।
আগামী নভেম্বরে আসিয়ান নেতাদের বৈঠকে জোটের সনদ নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনে তাতে সংশোধনী আনবেন। তবে আলবার বলেছেন, মানবিধকার কমিশন গঠন সংক্রান্ত ধারাটি বাদ দেওয়া হবে না।
এদিকে ১৬ জাতি আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার আফগানিস্তানে দক্ষিণ কোরীয় জিম্মিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। পাশাপাশি তারা দুই জিম্মিকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, আসিয়ানের সহযোগী ১০টি দেশ এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ম্যানিলায় এক বৈঠকের পর ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওই বিবৃতি দেয়।
জিম্মিরা যাতে তাদের প্রিয়জনদের সঙ্গে আবার মিলিত হতে পারে সে জন্য বিবৃতিতে অবিলম্বে এবং বিনা শর্তে তাদের মুক্তির আবেদন জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24