২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ-ব্রাউন সহযোগিতার অঙ্গীকার

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ইরাকে অগ্রগতি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার দুই নেতা ওয়াশিংটনের কাছে ক্যাম্প ডেভিডে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন। গর্ডন ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এ প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি বুশের সঙ্গে কাজ করতে পারবেন কিনা এ নিয়ে যখন সবার মধ্যে কৌতুহল তখন তারা বৈঠকে মিলিত হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 07:34 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ইরাকে অগ্রগতি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার দুই নেতা ওয়াশিংটনের কাছে ক্যাম্প ডেভিডে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন। গর্ডন ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এ প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি বুশের সঙ্গে কাজ করতে পারবেন কিনা এ নিয়ে যখন সবার মধ্যে কৌতুহল তখন তারা বৈঠকে মিলিত হলেন। প্রথম দিনের বৈঠকে ব্রাউন বলেন, ইরাকে দু দেশেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এ জন্য তিনি তার সরকারের নীতিতে যে কোন পরিবর্তন আনার আগে সেনাবাহিনীর পরামর্শ নেবেন। ইরাক প্রশ্নে ব্রাউন বলেন, অক্টোবরে পার্লামেন্টের অধিবেশন আবার শুরু হলে তিনি ইরাকে ব্রিটিশ সৈন্যদের ভূমিকা সংক্রান্ত তার পরামর্শ পেশ করতে পারেন। তবে এ সময়ে ইরাকে ব্রিটিশ নীতি হলো বসরা নগরীর দায়িত্ব স্থানীয় ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। এর আগে তারা দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরের ক্ষমতা ইরাকিদের কাছে হস্তান্তর করেছে। ব্রাউন বলেন, "যুক্তরাষ্ট্রের মত আমাদের লক্ষ্য হলো ধাপে ধাপে ইরাকিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া।" বুশ ইরাকে সাফল্য অর্জনের সঙ্গে দুই দেশের ভাগ্য জড়িত বলে উল্লেখ করেন। তিনি বলেন, "ইরাকে ব্যর্থ হলে সেটা হবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ বিপর্যয়।" আফগানিস্তান, দারফুর, বিশ্ববাণিজ্য এবং জলবায়ুর পরিবর্তন নিয়েও দুই নেতা আলোচনা করেন। বৈঠকে বুশ বিট্রিনের সঙ্গে তার দেশের 'বিশেষ সম্পর্কের' বিষয়ে আন্তরিকভাবে কথা বলেন। তিনি দু দেশের সম্পর্ককে 'আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক' হিসাবে বর্ণনা করেন। ব্রাউন ওয়াশিংটন সফরের আগে দু'দেশের সম্পর্কের ব্যাপারে প্রায় একই মন্তব্য করেছিলেন। বুশ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আন্তরিক রসবোধ সম্পন্ন মানুষ হিসাবে প্রশংসা করেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমে ব্রাউনকে যেভাবে জেদি স্কটিশ হিসাবে তুলে ধরা হয় ব্রাউন মোটেই সে রকম নন। এদিকে মঙ্গলবার ব্রাউন আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে তার নিজস্ব ভাবনা এবং বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাসে তার সংকল্পের কথা তুলে ধরে জাতিসংঘে ভাষণ দেবেন। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য নিরসনে জাতিসংঘের লক্ষ্য অর্জনে সারা বিশ্বকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১২৫৯ ঘ.