ম্যানিলা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে রোববার গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং গণতান্ত্রিক নেত্রী অং সান সুকিকে গৃহবন্দি রাখার জন্য মিয়ানমারের কড়া সমালোচনা করা হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথম দীর্ঘদিনের ঐতিহ্য থেকে সরে এল আসিয়ান। এর আগে আসিয়ান সচরাচর কোনো সদস্যদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকত।
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের আয়োজক ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো রোমোউলু বলেন, সোমবার মূল বৈঠক শুরুর আগেই একটি ভোজসভায় ওই সমালোচনার মধ্য দিয়ে মিয়ানমারকে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে ফিলিপাইনও মিয়ানমারকে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ সুকিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বলে জানান আলবার্তো। সুকি ২০০৩ সালের মে মাস থেকে গৃহবন্দি রয়েছেন।
আলবার্তো বলেন, "আমি বুঝতে পারছি ধৈর্যচ্যুতি ঘটছে এবং হতাশা দেখা দিচ্ছে। আর সেকারণেই আমরা আসিয়ানের পক্ষ থেকে মিয়ানমারকে জানিয়েছি যে, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত করা উচিত। এতে কেবল মিয়ানমারের জনগণই উপকৃত হবে না বরং আসিয়ান জোট হিসাবে আমাদের বিশ্বাসযোগ্যতাও বাড়বে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮
bdnews24