ওয়াশিংটন, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---দীর্ঘদিন স্থবির হয়ে থাকা ভারত-মার্কিন পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আগামী সপ্তাহে নির্ধারিত বৈঠকের আগেই দু নেতা এই বৈঠক করলেন। এতে করে ওই চুক্তি চূড়ান্ত করদে দুপক্ষের মধ্যকার গভীর মতভেদ শেষ পর্যন্ত কমে আসবে বলেই আশা করছেন মার্কিন কর্মকর্তারা।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনদ্রোয়ে সাংবাদিকদের বলেন, "দু'নেতা টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্কের রূপান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেইসঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতার উদ্যোগটি নিয়েও দুজনের মধ্যে আলাপ হয়েছে।"
পরমাণু চুক্তির অবস্থা এখন কোন পর্যায়ে সে ব্যাপারে মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি। ২০০৫ সালের জুলাইয়ে প্রথম এই চুক্তিটি ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এ বছরের শেষেই চুক্তিটির একটি সুরাহা হওয়ার আশা প্রকাশ করেছেন। তবে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কংগ্রেসের এক সূত্রের মতে, পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে আগাচ্ছে না। দুপক্ষের মধ্যে নতুন নতুন বিরোধই বরং দেখা দিচ্ছে।
২০০৯ সালের জানুয়ারীতে বুশের বিদায়ের আগে চুক্তিটি স্বাক্ষর চূড়ান্ত হবে কিনা তা নিয়ে ইতমধ্যেই সংশয় দেখা দিয়েছে।
চুক্তিটি স্বাক্ষর হলে ভারত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পরমাণু জ্বালানি এবং চুল্লি ব্যবহারের সুযোগ পাবে। যদিও ভারত এ পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি, আবার পরমাণু অস্ত্র পরীক্ষাও চালিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ঘ.
bdnews24